বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান

প্রকাশের তারিখ: 11 November 2026, 10:58 pm

মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক :

দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল।


বুধবার (১১ নভেম্বর) বরিশালের নথুল্লাবাদ এলাকার শের-ই-বাংলা সড়কে অবস্থিত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধান ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সহ-সভাপতি আলী হাসনাইন, সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভ, ছাত্রদল নেতা সায়েম শান্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা অপতৎপরতা যাতে ক্যাম্পাসে সংঘটিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাদের অন্যতম লক্ষ্য। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হোক, তা তারা চান না।
নেতাকর্মীরা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। এ লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com