
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি তাবলীগুল কোরআন দাখিল মাদরাসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চক্ষু রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান, দৃষ্টিশক্তি পরীক্ষার মাধ্যমে চশমার ব্যবস্থাপত্র, চোখ দিয়ে পানি পড়া ও নেত্রনালির সমস্যা, চোখের মাংস বৃদ্ধি এবং চোখের প্রেসার মাপাসহ বিভিন্ন ধরনের চক্ষুসেবা প্রদান করা হয়।
এ ছাড়া ছানি রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য রোগীদের ক্যাম্পের ক্যাম্প শেষে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিজস্ব পরিবহনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে চক্ষু শিবিরে নির্ধারিত মূল্যে ওষুধ এবং স্বল্পমূল্যে চশমা পাওয়ার ব্যবস্থাও ছিল।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাবলীগুল কোরআন জামিয়াতের প্রচার সম্পাদক মুফতি মাওলানা রেদওয়ানুল হক এনাম। ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী, বরিশাল।
