বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

জাতীয় যুব দিবসে সফল যুব সংগঠক পুরস্কার পেলেন ইয়াসের মাহিদুল ইসলাম রাব্বি

প্রকাশের তারিখ: 1 November 2026, 6:54 pm

ঝালকাঠি প্রতিনিধি :

সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ, ধৈর্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার সফল যুব সংগঠক পুরস্কার পেয়েছেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি মাহিদুল ইসলাম রাব্বির হাতে সফল যুব সংগঠকের পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আলাউদ্দিন।

যুবসমাজকে সংগঠিত করা, তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মানবিক উদ্যোগ বাস্তবায়ন এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

দীর্ঘদিন ধরে ইয়ুথ অ্যাকশন সোসাইটির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মাহিদুল ইসলাম রাব্বি। সংগঠনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন, স্বেচ্ছাসেবকদের সমন্বয়, নতুন কর্মপরিকল্পনা গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে তাঁর ভূমিকা রয়েছে। বিশেষ করে যেকোনো উদ্যোগ বাস্তবায়নে ধৈর্য, দায়িত্বশীলতা ও সমন্বয় দক্ষতার পরিচয় দিয়ে থাকেন তিনি। সহযোদ্ধাদের নিয়ে কাজ করার মানসিকতা এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থেকে কাজ এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁকে সংগঠনের ভেতরে একটি নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে গেছে।

তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের প্রশংসা করে ইয়াসের অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংকের আহ্বায়ক আকাশ বলেন, মাহিদুল ভাইকে আমি সাংগঠনিক জাদুকর বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ, একটি আয়োজনের পেছনে যে কত ধরনের পরিকল্পনা, সমন্বয়, পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়, তা তিনি খুব ভালোভাবে বোঝেন। যেকোনো কাজ তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করেন। কোনো কিছুতেই তাড়াহুড়ো না করে প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে দেখেন এবং সহযোদ্ধাদের সাহস জোগান।

তিনি আরও বলেন, কিছুদিন আগে শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলীর অভিযাত্রা শীর্ষক একটি আয়োজন বাস্তবায়নের সময় আমি তাঁর কাছ থেকে বিশেষ সহযোগিতা পেয়েছি। আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তিনি আমাকে সাহস দিয়েছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন এবং প্রতিটি কাজ গুছিয়ে নিতে সহযোগিতা করেছেন। একজন সংগঠক হিসেবে তাঁর সবচেয়ে বড় গুণ হলো, তিনি শুধু নিজে কাজ করেন না, অন্যদেরও কাজ করার সাহস ও আত্মবিশ্বাস তৈরি করে দেন। তাঁর মতো ধৈর্যশীল, দায়িত্বশীল ও সহযোগিতাপরায়ণ মানুষ একটি সংগঠনের জন্য নিঃসন্দেহে বড় সম্পদ। তাঁর এই অর্জনে আমরা গর্বিত।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মো. মাহিদুল ইসলাম রাব্বি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি ইয়ুথ অ্যাকশন সোসাইটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করা প্রত্যেক সহযোদ্ধার অর্জন। আমি এই পুরস্কার ইয়াসের সকল উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সদস্য ও পরিশ্রমী সহযোদ্ধাদের প্রতি উৎসর্গ করছি। তাঁদের আন্তরিকতা, শ্রম ও সহযোগিতাই আমাকে আজকের এই অর্জনে অনুপ্রাণিত করেছে।

একটি সাংগঠনিক স্বীকৃতির বাইরেও এই অর্জন তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। মাহিদুল ইসলাম রাব্বির এ সম্মাননা ইয়ুথ অ্যাকশন সোসাইটির সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের উপলক্ষ তৈরি করেছে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com