বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

ঝালকাঠিতে তোলাবা সম্মেলন-২০২৬, আধুনিক নেতৃত্ব গড়ার প্রত্যয়

প্রকাশের তারিখ: 2 May 2026, 6:55 pm

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কমপ্লেক্সে আজ ২ মার্চ শনিবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘বার্ষিক তোলাবা সম্মেলন-২০২৬’। বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীনের আয়োজনে দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার মাদ্রাসা শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আধ্যাত্মিক ও জাগতিক শিক্ষার সমন্বয়ে আয়োজিত এ সম্মেলন পরিণত হয় এক ব্যতিক্রমী জ্ঞানমঞ্চে।
সম্মেলনের মূল আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রয়োজন ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানচর্চায় দক্ষতা অর্জন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী বলেন, “সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর প্রজ্ঞার সঙ্গে সমসাময়িক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে সমাজ পরিবর্তনের অগ্রদূত হতে হবে।” তিনি ছাত্রসমাজকে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের শক্তিতে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক অংশগ্রহণ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন চীন, মালয়েশিয়া, ইরাক ও মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গবেষক ও শিক্ষার্থীরা। তারা প্রবাসে থেকেও দেশ, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বেলালীসহ অন্যান্য বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষার্থীরাই আগামী দিনের বৈশ্বিক সংযোগের সেতুবন্ধন।
দিনশেষে সহনশীলতা, মানবিকতা ও আদর্শ সমাজ গঠনের প্রত্যয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা মনে করেন, এই সম্মেলন তরুণ প্রজন্মকে নৈতিক নেতৃত্ব ও আধুনিক চিন্তার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com