Wednesday, 25 March 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

ঝালকাঠির গাবখান ব্রিজে ‘ভুতুড়ে’ পরিবেশ: বাতিহীন খাম্বায় বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক

প্রতিবেদক: ঝালকাঠি প্রতিনিধি   |   প্রকাশিত: 25 March 2026, 7:41 pm
ঝালকাঠির গাবখান ব্রিজে ‘ভুতুড়ে’ পরিবেশ: বাতিহীন খাম্বায় বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক
দৃষ্টি নন্দন স্থাপত্য আর উচ্চতার কারণে গাবখান ব্রিজ পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও রাতের বেলা এটি এখন পথচারীদের জন্য আতঙ্কের নাম। ব্রিজের দুই পাশের বৈদ্যুতিক খাম্বাগুলো কেবল দাঁড়িয়ে আছে শোভাবর্ধনকারী হিসেবে; অর্ধেকেরও বেশি লাইট নষ্ট হয়ে থাকায় রাতের গাবখান ব্রিজ এখন অন্ধকারে নিমজ্জিত।
দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম এই গুরুত্বপূর্ণ সেতুতে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। কিন্তু অধিকাংশ সড়কবাতি অকেজো হয়ে পড়ায় রাতে ব্রিজের ওপর ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে। এতে দূরপাল্লার পরিবহন থেকে শুরু করে স্থানীয় ভ্যান-রিকশা চালকরা চরম ঝুঁকির মধ্যে যাতায়াত করছেন। পথচারীরা বলছেন, "আলো না থাকায় ব্রিজের ওপর চলতে ভয় লাগে। অনেক সময় খানাখন্দ দেখা যায় না, ফলে হোঁচট খেয়ে পড়তে হয়।
অন্ধকারের সুযোগ নিয়ে ব্রিজের ওপর মাদকসেবী ও বখাটেদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পর্যাপ্ত আলো না থাকায় পথচারীদের নিরাপত্তার বিষয়টি চরম ঝুঁকির মুখে পড়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় বছরের পর বছর কেন লাইটগুলো অকেজো হয়ে পড়ে আছে?
সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝেমধ্যে মেরামতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার সুফল মিলছে না। জনস্বার্থে দ্রুত এই ‘ভুতুড়ে’ অন্ধকার দূর করে নষ্ট বাতিগুলো প্রতিস্থাপন করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও চালকরা।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।