বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ: 18 November 2026, 12:14 pm

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বিজিবির চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলা পরিষদের পাশে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন।

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে থানা ভবনের পাশাপাশি পুলিশের একাধিক গাড়ি পুড়ে যায়। হামলার সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানান, থানার মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে থানা আক্রান্ত হওয়ার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে খালেক বাজার সড়কে তাদের গাড়ির বহর আটকে দেয় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলও বাধাগ্রস্ত হয়।

এ ছাড়া একই রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com