বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: 21 October 2026, 9:45 pm

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল ম্যাচে ‘দশআনি একাদশ’ বনাম ‘টেনশন একাদশ’ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টেনশন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দশআনি একাদশ। খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ফাইনাল খেলায় সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম আকাশ বলেন, “একমাত্র খেলাধুলাই পারে তরুণদের বিপথগামী হওয়া থেকে বিরত রাখতে। তরুণদের মেধা, মনন ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী দল, প্লেয়ার, অতিথিবৃন্দ, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com