বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

অহিদুল ইসলাম রুবেলকে বাদ দিয়ে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রনি: নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ, প্রতিবাদ করায় পদ হারালেন অহিদুল ইসলাম রুবেল

প্রকাশের তারিখ: 17 November 2026, 2:12 am

মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক :

বরিশাল মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়ার অভিযোগ করেছেন অহিদুল ইসলাম রুবেল। নিয়মের বাইরে গিয়ে কমিটি গঠনের প্রতিবাদ জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাদ দিয়ে নতুন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি তাঁর।

বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনা এবং এ ঘটনাকে প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ত করে পদ হারানোর অভিযোগ তুলেছেন অহিদুল ইসলাম রুবেল।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বরিশাল মহানগর যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয় রিয়াজুর রহমান রিয়াজকে এবং সাধারণ সম্পাদক করা হয় আরিফুর রহমান মুন্নাকে। কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয় অহিদুল ইসলাম রুবেলকে।

তবে একই দিনে প্রকাশিত সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহিদুল ইসলাম রুবেলের পরিবর্তে বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রনিকে অন্তর্ভুক্ত করা হয়। এতে কমিটির অন্য কয়েকটি পদেও পরিবর্তন দেখা যায়।

প্রথম প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতিবাদ করায় যদি সঙ্গে সঙ্গেই পদ চলে যায়, তাহলে মনে হয় প্রতিবাদই ভালো! অহিদুল ইসলাম রুবেল তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, বরিশাল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিবকে মহানগর যুবদলের সভাপতি করার প্রতিবাদ জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে অন্য একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “প্রতিবাদ করায় যদি সাথে সাথে পদ চলে যায়, তাহলে মনে হয় প্রতিবাদই ভালো!”
এতে কমিটি গঠন ও পরবর্তী সংশোধন নিয়ে তাঁর অসন্তোষের বিষয়টি প্রকাশ পেয়েছে।

সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি

এদিকে কেন্দ্রীয় যুবদলের সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে প্রতিবাদের কারণেই অহিদুল ইসলাম রুবেলকে পদ থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় যুবদল কিংবা সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com