বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বরিশালে “জুলাই পুনর্জাগরণ” শীর্ষক নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: 26 July 2025, 8:21 pm

ডেস্ক রিপোর্ট :

জেলা প্রশাসন বরিশাল, সমাজসেবা অধিদফতর ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের যৌথ আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণ” শীর্ষক নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম আখতারুজ্জামান তালুকদার।

অনুষ্ঠানের শুরুতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় আয়োজনে সরাসরি যুক্ত হয়ে সমগ্র দেশের সাথে একযোগে বরিশালের অংশগ্রহণকারীরা অনুষ্ঠান উপভোগ করেন। এরপর বরিশালের অতিথিরা সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নেন, যেখানে “জুলাই যোদ্ধা” ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বিষয়সমূহ তুলে ধরা হয়।

সমাবেশ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যাতে অংশ নেন স্থানীয় শিল্পীরা।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com