বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

প্রকাশের তারিখ: 29 October 2026, 12:49 am

মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক :

নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারিসা উপমা, যিনি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বরিশাল জেলা আলফা-থ্রি-হুইলার (টেম্পো/মাহিন্দ্রা) মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এস এম মিজানুর রহমান অহিদসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য ও দাবি তুলে ধরেন তাঁরা।

সভায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বরিশালের ৩৯টি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের জন্য ১ লাখ টাকা এবং নিহত ব্যক্তিদের পরিবারের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদানের চেক প্রদান করা হয়।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের সদস্য হারানোর ক্ষতি কোনো আর্থিক সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনায় পরিবারের সদস্য হারানো কিংবা গুরুতর আহত হওয়ার কারণে সৃষ্ট আর্থিক সংকটের মধ্যে এ সহায়তা তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য তাঁরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com