
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের মধ্যে ৫০টি ভ্যান বক্স ও ৩০টি হ্যান্ড ট্রলি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নগরীর আমানতগঞ্জ গ্যারেজে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীর বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করা এবং কর্মীদের কাজের সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরঞ্জাম বিতরণকালে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুব আলমসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
