Thursday, 03 September 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জাতীয়

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 03 September 2026, 9:10 am
বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বর্জ্য ব্যবস্থাপনার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নগর ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশালের সহযোগিতায় পরিবেশ বিষয়ক অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সেবার বিভিন্ন ঘাটতি তুলে ধরা হয়। কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের মাধ্যমে সেবা গ্রহীতাদের কাছ থেকে চিহ্নিত সমস্যাগুলো উপস্থাপন করেন এসিজি সমন্বয়ক শিউলী সাহা।

আলোচনায় বিশেষ করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডাম্পিং স্টেশনগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের ছাউনি না থাকা, ৬ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের গেট ও উভয় এসটিএসে পানির মিটার না থাকা এবং ময়লা-আবর্জনা অপসারণের পর নিয়মিত ব্লিচিং পাউডার না ছিটানো। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীর অপর্যাপ্ততা এবং বর্জ্য পরিবহনে ব্যবহৃত ভ্যানবক্স নিয়মিত পরিষ্কার না করার বিষয়ও উঠে আসে।

সভায় আরও জানানো হয়, ৬ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থাপনায় সমস্যা রয়েছে। চামড়া শোধনাগারের বিষাক্ত পানি খালে নিষ্কাশনের ফলে পানি দূষিত হওয়ার অভিযোগও আলোচনায় আসে। একই সঙ্গে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে মেডিকেল বর্জ্য ফেলার কারণে সংক্রামক রোগের ঝুঁকি তৈরি হচ্ছে বলে উল্লেখ করা হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহার না করা, বাড়ি বাড়ি নিয়মিত বর্জ্য সংগ্রহ না করা এবং ডাম্পিং স্টেশন থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়ও তুলে ধরা হয়। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

এসব সমস্যা সমাধানে সুপারিশমালা উপস্থাপন করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের বরিশাল এরিয়া কো-অর্ডিনেটর মো. আশফাকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশালকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এসিজির উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সনাক সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক (অব.) শাহ সাজেদা, সনাক সদস্য জীবন কৃষ্ণ দে, সাইফুর রহমান মিরণ, রেবেকা সুলতানা, কাজী সেলিনা এবং এসিজি সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাসসহ বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সনাক, ইয়েস ও এসিজির প্রতিনিধিরা অংশ নেন।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।