বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বর্তমান সরকার রাষ্ট্রের জন্য নিরাপদ নয় : স্বপন

প্রকাশের তারিখ: 2 February 2024, 8:16 pm

Junaed siddiki :

মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী বর্তমান সরকার রাষ্ট্র ও জনগণের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, প্রজাতন্ত্রের বর্তমান এই গভীর সংকটে বিদ্যমান অপরাজনৈতিক শাসনব্যবস্থার অবসানে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলের সঙ্গে সমাজশক্তিগুলোর অংশগ্রহণে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে জেএসডি কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। মাফিয়া সিন্ডিকেটের সরকার মানুষকে জিম্মি করে, জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থা বদলে স্বাধীন দেশের উপযোগী রাজনীতি ও শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সভায় আরও বক্তব্য দেন জেএসডি কেন্দ্রীয় সহ সভাপতি কে এম জাবির, এ কে এম মিজান উর রশীদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, শ্রমিক জোট সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, আবদুল্লাহ আল তারেক প্রমুখ।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com