
বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এ সময় কলেজের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে আলোচনা হয়। সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চিফ হুইপ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কলেজের শিক্ষা কার্যক্রমের পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যা ও সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কলেজের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজ দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কলেজটি বরিশালসহ দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অধ্যাপক সুলতান রিয়াজ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. মাসুদ, রাশেদ খান শাহীন, সহকারী অধ্যাপক তৈমুর রহমান ও রিয়াজুল হক এবং বিএম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ ও বাশার।
