
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্বে বিএম কলেজ বিতর্ক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বিতর্ক দল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ তাহিদুল ইসলাম লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিএম কলেজের পক্ষে তুফা ইসলাম, মাহফুজুর রহমান ও আশরাফুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজী গালিব, মানজারুল হক ও নুসরাত অংশ নেন।
বিএম কলেজ ডিবেটিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং বরিশাল মহানগর ছাত্রদল ও বিএম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। এতে গণতন্ত্রের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয় নিয়ে বিতার্কিকরা যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন করেন। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র, যুক্তিবোধ ও তথ্যনির্ভর মত প্রকাশের চর্চা বাড়ানোই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। প্রধান আলোচক ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম এবং প্রধান বক্তা বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি অনিক হোসেন তুহিন।
অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কসহ সৃজনশীল কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতন্ত্রকে কেন্দ্র করে এমন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, প্রতিযোগিতায় একটি দল চ্যাম্পিয়ন হলেও প্রত্যেক বিতার্কিক বিষয় নিয়ে পড়াশোনা, বিশ্লেষণ ও যুক্তি তৈরির সুযোগ পেয়েছেন। এটিই এ ধরনের প্রতিযোগিতার বড় অর্জন।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্কচর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমরা পড়াশোনা চালিয়ে যাও, বিতর্ক চালিয়ে যাও। যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাও।’
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ গণতন্ত্রের চর্চায় নাগরিক অধিকার, দায়িত্ব ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস, রোবটিকস, থ্রিডি প্রিন্টিং, অটোমেশন ও স্মার্ট প্রযুক্তির প্রসঙ্গ তুলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তাশক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, বিভিন্ন পর্যায়ের বিতার্কিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত পর্ব শেষে বিচারকদের সিদ্ধান্তে বরিশাল বিশ্ববিদ্যালয় বিতর্ক দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী বিতার্কিকদের যুক্তিচর্চা ও প্রস্তুতির প্রশংসা করেন।
