বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ

প্রকাশের তারিখ: 11 November 2026, 7:49 pm

ডেস্ক রিপোর্ট :

কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে ৩০০টিরও বেশি ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ এবং পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় কলেজের প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন ও বনায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর তাছমীন সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের আহ্বায়ক প্রফেসর মো. মফিজুর রহমান। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে সবুজ বাংলা, ব্রজমোহন কলেজ শাখা।

রোপণ করা চারার মধ্যে ছিল আম, কাঁঠাল ও নারিকেলসহ বিভিন্ন ফলজ গাছ এবং সৌন্দর্যবর্ধক দেবদারু। এসব গাছের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচি উপলক্ষে বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, পরিবেশ রক্ষা ও ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের দেশগুলো ক্রমেই সবুজায়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসকে সবুজ ও মনোরম করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন কর্মসূচি আয়োজনের জন্য পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com