
পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু)–এর নিচ থেকে সরকারি লোহার পাইপ চুরির অভিযোগে শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত বেপারিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেতুর নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে একটি চক্র সেতুর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে সরকারি লোহার পাইপ কেটে চুরির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। এ সময় পাইপ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, আটক হেমায়েত বেপারির বিরুদ্ধে চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, তদন্তে হেমায়েত বেপারির সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
