বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও

প্রকাশের তারিখ: 13 November 2026, 12:56 am

ডেস্ক রিপোর্ট :

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিলেন এক নারী। সঙ্গে ছিল সাত বছরের শিশু সন্তান। ক্যাম্পাসে ঘুরতে আসার পর থেকেই হঠাৎ নিখোঁজ মা ও ছেলে। স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই, মিলছে না কোনো সন্ধানও। তাঁদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।ঈ

নিখোঁজ ওই নারীর নাম সাবিকুন্নাহার লিজা (২৭)। তাঁর ছেলে লাবিবের বয়স সাত বছর। লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে আসেন লিজা। এরপর থেকে মা ও ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রথমে স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তাঁরা এখনো লিজা ও তাঁর ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করে।

এদিকে মা ও শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তাঁদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com