বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

রাজাপুরে ঢাকাগামী পরিবহনে মোবাইল কোর্ট: ৪ বাসকে জরিমানা, অতিরিক্ত ভাড়া ফেরত

প্রকাশের তারিখ: 30 March 2026, 7:15 pm

ঝালকাঠি প্রতিনিধি :

ঢাকাগামী দূরপাল্লার পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ঝালকাঠির রাজাপুরে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার মেডিকেল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালীন বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় ৪টি পরিবহনকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।

​একই সাথে, বাসের সাধারণ যাত্রীদের কাছ থেকে কৌশলে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ বা বিশেষ ছুটির অজুহাতে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com