বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশের তারিখ: 14 November 2026, 12:20 am

ডেস্ক রিপোর্ট :

বরিশাল নগরীর সাগরদি ধান গবেষণা রোড এলাকায় আওয়ামীলীগ কর্মী শহিদুল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। গাঁজা ও ইয়াবা ব্যবসা, প্রভাব বিস্তার, এমনকি দিনদুপুরে মানুষের ঘরে চুরির অভিযোগও রয়েছে শহিদুলের ছেলে অন্তুর বিরুদ্ধে। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার মিলছে না।

স্থানীয়দের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহর নাম ও প্রভাব ব্যবহার করে শহিদুল ও তাঁর ছেলে অন্তু এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করতেন। গাঁজা ও ইয়াবার কারবারের মাধ্যমে তাঁরা এলাকায় প্রভাব বিস্তার করতেন বলেও দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে পুলিশ তাঁদের আটক করলেও অজ্ঞাত প্রভাবশালী মহলের তদবিরে তাঁরা ছাড়া পেয়ে যেতেন। ফলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

শুধু মাদক ব্যবসাই নয়, শহিদুলের ছেলে অন্তুর বিরুদ্ধে দিনদুপুরে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে চুরির অভিযোগও তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, এসব ঘটনায় সাধারণ মানুষ নিজেদের ঘরবাড়ি ও সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ছাড়া শহিদুলের স্ত্রী রনির বিরুদ্ধেও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও এলাকায় তাঁদের প্রভাব কমেনি।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে যদি কেউ আইনের আওতার বাইরে থেকে থাকেন, তাহলে বর্তমান পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? অতীতে তাঁদের আটকের ঘটনা, মামলা এবং পরবর্তী সময়ে মুক্তির বিষয়গুলোও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর আশঙ্কা, মাদক কারবার ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এলাকার সামাজিক পরিবেশ আরও অবনতির দিকে যেতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

স্থানীয়দের দাবি, সাগরদি ধান গবেষণা রোডে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, শহিদুল, তাঁর ছেলে অন্তু ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com