বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি

প্রকাশের তারিখ: 9 November 2026, 5:20 pm

ডেস্ক রিপোর্ট :

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএম কলেজের পক্ষে এতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। অন্যদিকে, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশালের বাংলাবাজার শাখার প্রতিনিধিরা প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী জাবের আহমেদ। এ সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বাংলাবাজার শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) মো. জুয়েলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং বিএম কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন বলেন, বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কিছু করতে পেরে তিনি আনন্দিত। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কাজ করে যাচ্ছে।

তিনি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত পাঁচ শতাধিক কর্মীর মধ্যে শতাধিকই বিএম কলেজের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া কলেজের অসচ্ছল শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসায় বিশেষ ছাড়ের পাশাপাশি পপুলার ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার বিকাশের পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমঝোতা স্মারকের ফলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

তিনি এ উদ্যোগের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাধারণ রোগীদের জন্য নির্ভুল ও মানসম্মত পরীক্ষার প্রতিবেদন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন মেডিকেল কলেজ স্থাপন এবং নিয়মিত স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।

সমঝোতা স্মারক অনুযায়ী, বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অফিসের কর্মচারীরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশালের বাংলাবাজার শাখা থেকে বিভিন্ন চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এর আওতায় সব ধরনের হরমোন ও প্যাথলজি পরীক্ষায় ছাড় দেওয়া হবে। এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই ও বিভিন্ন রেডিওলজি পরীক্ষায়ও বিশেষ ছাড়ের সুবিধা থাকবে।

তবে এ সুবিধার আওতার বাইরে থাকবে এন্ডোস্কপি, কোলনোস্কপি ও এনসিএস পরীক্ষা। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ, সাশ্রয়ী ও সহজলভ্য হবে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com