ঝালকাঠি পৌর এলাকার সুগন্ধা নদীর পাড়ে নবনির্মিত একটি ঘাটলা উদ্বোধনের আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পুরাতন কলেজ খেয়াঘাটে যাত্রী পারাপারের সুবিধার্থে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই কংক্রিটের ঘাটলাটি কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় ফেটে গেছে। এতে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
পৌরসভার তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এম এস মাহামুদুল ইসলাম নান্টু’ ঘাটলাটির নির্মাণকাজ শেষ করে। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই এর মাঝখানের অংশে বড় বড় ফাটল দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তদারকিতে গাফিলতির কারণেই এমনটা হয়েছে। যথাযথ মান বজায় রেখে কাজ করলে এত দ্রুত ফাটল ধরার কথা নয় বলে মনে করছেন তারা।
ঝালকাঠি ও নলছিটির মধ্যে যোগাযোগের জন্য এই খেয়াঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও চাকরিজীবী সুগন্ধা নদী পার হয়ে এই ঘাট ব্যবহার করেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এবং স্থায়ীভাবে মেরামত না করলে এই ঘাটলাটি ছয় মাসও টিকবে না, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
ঘাটলাটির নির্মাণত্রুটি নিয়ে প্রশ্ন ওঠায় পৌর প্রশাসন জানিয়েছে, কাজের মান কঠোরভাবে যাচাই করা হবে। যদি পরীক্ষায় কোনো গাফিলতি ধরা পড়ে, তবে ঠিকাদারকে পুনরায় সংস্কারের নির্দেশ দেওয়া হবে। মান নিশ্চিত না হওয়া পর্যন্ত পৌরসভা এই কাজ বুঝে নেবে না এবং কাজ সন্তোষজনক হলেই কেবল তা চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।