ঝালকাঠির নলছিটিতে ঝড়ো বাতাসে টিনসেট ঘর ধসে নিচে চাপা পড়ে নাফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
নিহত নাফিয়া আক্তার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো. নয়ন মোল্লার মেয়ে। নাফিয়া তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নাফিয়ার নানা মো. নুর আলম ভূঁইয়া বসতঘরের টিন মেরামতের জন্য ঘরের ওপর উঠেছিলেন। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় টিনসেট ঘরটি ধসে পড়ে। ঘরের নিচে থাকা নাফিয়া চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।