ঈদযাত্রার শেষ দিনে আজ সকাল থেকে সন্ধ্যা ব্যাপী জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম চলমান ছিল। বরিশাল মহানগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনসমূহে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া দাবী হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করা হয় এবং সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার জন্য পরিবহনগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৫ টি পৃথক মামলায় সর্বমোট ৯৮,৬৫০/- (আটানব্বই হাজার ছয়শত পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়াও ০৬ টি পরিবহনে যাত্রীদের থেকে অতিরিক্ত আদায়কৃত সর্বমোট ২২,৩৫০ (বাইশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাট হতে কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেলক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অভিযানগুলোতে জেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে বিআরটিএ, বরিশাল; বিআইডব্লিউটিএ, বরিশাল এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও ব্যাটালিয়ন আনসার, বরিশাল ও নৌ-পুলিশ, বরিশাল।