বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে চলমান স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্বৈরাচার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এই হামলার ঘটনা ঘটে, যেখানে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্বঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় কয়েকজন আওয়ামী কেডার এবং হাসপাতালের দূর্নীতিগ্রস্থ কর্মচারীরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা।
আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং হামলাকারীদের থামানোর চেষ্টা করেনি।
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ১৭ দিন ধরে কর্মসূচি পালন করছেন। তারা স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনার দাবি জানিয়ে আসছেন।
এ বিষয়ে শেরে বাংলা মেডিকেল কলেজের কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে, শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও কঠোর করা হবে।
মন্তব্য করুন