গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয়ে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিকের নিচতলায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকের নিচতলায় অবস্থিত সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে আসবাবপত্র বের করে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার ঘটনায় আরাফ ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকজন রোগী ক্লিনিক ছেড়ে অন্যত্র চলে যান।
সংসদ সদস্য কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এরও নেতা।
এদিকে শুধু জেলা শহরেই নয়, কাশিয়ানী উপজেলাতেও পৃথক দুটি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিনে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলার এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
একদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে হামলা, অন্যদিকে জামায়াত ও বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।’
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় টার্মিনালের পেছনের দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী এসএম পরিবহনের বাসটি পুড়ে গেছে।
বাস শ্রমিকদের দাবি, টার্মিনালের পেছনের দিকে বাসটি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি পুড়ে যায়।
তবে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। তাঁর দাবি, কয়েকজন ইয়াবাসেবী বাসের ভেতরে বসে মাদক সেবন করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটান। এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
এদিকে, বাসে আগুনের ঘটনায় প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শ্রমিকদের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বরিশাল মহানগর পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি ও ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি পিস্তল ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগও জব্দ করা হয়।
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানা গেছে, জর্দা শামীম গ্রেপ্তারের পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়েছিল। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলেও জানিয়েছে এসআরবি-৮।
জর্দা শামীম ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি। তিনি ঝালকাঠির শাহী জর্দা কোম্পানির মালিক। অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২৬ সালের ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে ওই কর্মকর্তাদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে আটক কর্মকর্তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
আটক কর্মকর্তাদের অভিযোগ, নিজ নিজ কার্যালয় থেকে তাঁদের মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁর অনুসারীরাও বিভিন্নভাবে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের অনুসারীদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু কেউ কেউ সেই সুযোগ কাজে না লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার বেতাগী সরকারি কলেজে সেমিনার আয়োজন নিয়ে সাংবাদিকের উপর হামলার অভিযোগ ওঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনের বিরুদ্ধে। আহত সাংবাদিক হোসাইন সিপাহী সময়ের কণ্ঠস্বরের ঢাকা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বেতাগী সরকারি কলেজে আয়োজিত ‘রোড টু ফিউচার’ সেমিনারের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।
হামলায় সাংবাদিক হোসাইন সিপাহী মাথায় জখমপ্রাপ্ত হন। তার হাত ও নাক ফেটে যাওয়ার পাশাপাশি পায়েও আঘাত লেগেছে। হামলাকালে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয় বলেও জানান তিনি।
জানা গেছে, বেতাগী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘রোড টু ফিউচার’ শীর্ষক সেমিনার আয়োজনের প্রস্তুতি চলছিল। এ আয়োজনের বিষয়ে কলেজ ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়া এবং অর্থায়নের সঙ্গে তাঁকে সম্পৃক্ত না করাকে কেন্দ্র করে সাংবাদিক ও সেমিনারের সমন্বয়ক হোসাইন সিপাহীর ওপর হামলার অভিযোগ উঠে কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনের বিরুদ্ধে।
আহত সাংবাদিক হোসাইন সিপাহী জানান, বুধবার সকাল ১০টার দিকে তিনি বেতাগী সরকারি কলেজে যান। সেখানে কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারির সঙ্গে ‘রোড টু ফিউচার’ সেমিনার আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কলেজ থেকে বের হওয়ার সময় ছাত্রদল সভাপতি ইমরান হোসেন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করার পাশাপাশি বহিরাগত বলে আখ্যা দেন। একপর্যায়ে হাতে থাকা রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন ছাত্রদল নেতা ইমরান।
হোসাইন সিপাহীর অভিযোগ, হামলায় তাঁর মাথায় জখম হয়েছে। হাত ও নাক ফেটে যাওয়ার পাশাপাশি পায়েও আঘাত লেগেছে। রড দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয় বলে জানান তিনি।
হামলার কারণ হিসেবে সেমিনার আয়োজনের অনুমতি ও অর্থায়নসংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করেন আহত সাংবাদিক। তাঁর ভাষ্য, সেমিনার আয়োজনের বিষয়ে ছাত্রদল সভাপতি ইমরান হোসেনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। একই সঙ্গে অর্থায়নের বিষয়টি তাঁকে না জানানো এবং অর্থের সঙ্গে তাঁকে সম্পৃক্ত না করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এসব বিষয় নিয়েই ইমরান হোসেনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এ বিষয়ে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারি বলেন, “সেমিনারে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেমিনারটি কলেজে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে আমি জানি না। এ আয়োজনের বিষয়ে আমার কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।”
সাংবাদিক হোসাইন সিপাহীর ওপর হামলার ঘটনার পর সংশ্লিষ্টরা কলেজে গেলে তাঁদের থামিয়ে দেন বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, “আমি চাই না কলেজে কোনো ধরনের গণ্ডগোল হোক। কলেজের পরিবেশ শান্ত থাকুক, শিক্ষার পরিবেশ বজায় থাকুক।”
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে অধ্যক্ষ বলেন, “এ বিষয়ে কলেজের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যা করার প্রশাসন করবে।”
এ ঘটনায় অভিযুক্ত কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
একজন সাংবাদিক ও শিক্ষামূলক আয়োজনের সমন্বয়কের ওপর হামলার অভিযোগে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সেমিনার আয়োজনকে কেন্দ্র করে এমন ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।
বরিশাল সিভিল জেলা জজ আদালতের একজন বিচারক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই বিচারকের নাম শেখ ফারহান নাদিম। তিনি জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক।
তার নিখোঁজের বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ওসি বলেন, ‘তারা মঙ্গলবার রাতে ফোনকল পেয়ে তাৎক্ষণিক বরিশাল মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বিকেল ৫টার পর থেকে বন্ধ পাওয়া যাচ্ছিল। বুধবার সিসি ক্যমেরা পর্যালোচনা করে দেখা যায় তিনি একটি রিকশায় করে নগরীর বাংলা বাজার এলাকার দিকে যাচ্ছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো বন্ধ রয়েছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় আদালতের পেশকার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা সেই ডায়েরি অনুযায়ী তদন্ত করে যাচ্ছি। বিষয়টি মহানগর পুলিশ ও অনান্য আইন শৃঙ্খলাবাহীনি কাজ করছে।’
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসলী আবুল কালাম আজাদ বলেন, ‘মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদিম বুধবার অফিসে আসেননি। তার খোঁজ নিয়ে আমরা জানতে পারি তিনি নিখোঁজ রয়েছেন।’
একই কথা জানিয়েছেন, আদালতের এপিপি অ্যাডভোকেট হাফিজ খান বাবলু।
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার আদালত শেষ করে নামাজ আদায় করে বিচারক শেখ ফারহান নাদিম বের হন। বাসায় না যাওয়ায় ফোনকল পান তারা। পরে তার নম্বরে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবর রেজিস্টার্ড পোস্ট ও ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, আইনের শাসনের মূলনীতি অনুযায়ী সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনা আইনের আশ্রয়লাভের অধিকার রাখেন। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে গঠনমূলক, আইনি ও প্রশাসনিক পরামর্শ হিসেবে বিভিন্ন ধাপ বিবেচনার কথা বলা হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদ সমুন্নত রাখতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়েরের কথা বলা হয়েছে।
সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি সদস্যদের একটি দল। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফার নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগ করে। তারা পেট্রোল ঢেলে তিনতলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। তবে ভবন মালিক ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।
ওসি আরও বলেন, প্রায় একই সময়ে সাত থেকে আটজনের একটি দল বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেখানেও স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। ওসি জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বিজিবির চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলা পরিষদের পাশে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে থানা ভবনের পাশাপাশি পুলিশের একাধিক গাড়ি পুড়ে যায়। হামলার সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানান, থানার মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে থানা আক্রান্ত হওয়ার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে খালেক বাজার সড়কে তাদের গাড়ির বহর আটকে দেয় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলও বাধাগ্রস্ত হয়।
এ ছাড়া একই রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।