ই-পেপার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
তানজীল ইসলাম শুভ
১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

সংবাদটি ই-পেপারে পড়ুন

পুরোনো বন্ধু, চেনা আঙিনা আর ফেলে আসা সোনালি দিনের স্মৃতিতে মুখর হয়ে উঠেছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব ঘিরে শুক্রবার (১৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাবেক ছাত্রীদের পদচারণায় নতুন করে প্রাণ ফিরে পায় শত বছরের এই বিদ্যাপীঠ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গোলাপি ও সাদা শাড়িতে সজ্জিত কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ঢাকঢোল, ব্যান্ডের বাদ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শতবর্ষ উদযাপনে তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের অনেকেই বিদেশ থেকে দেশে ফিরে এই আয়োজনে অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পরিচিত ক্যাম্পাসের দেখা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শুক্রবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার নারীশিক্ষার প্রসারে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীশিক্ষার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সময়ে মেয়েদের বিনা বেতনে এসএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছিল। এ সুযোগ ধীরে ধীরে আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকারপ্রধানকে অনুরোধ করবেন, যাতে স্নাতক (বিএ) পাস পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক বেশি স্মার্ট। তাঁর বক্তব্যে নারীশিক্ষার অগ্রগতি ও রাজনীতিসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

স্পিকার বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীন বাংলার প্রথম আঞ্চলিক সচিবালয় ছিল এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিষ্ঠানটির প্রতি সবার আলাদা আবেগ ও শ্রদ্ধা রয়েছে। এ সময় তিনি বিদ্যালয়ের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথাও তুলে ধরেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, শতবর্ষের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও আবেগঘন করে তোলে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত।

শনিবার (১৪ নভেম্বর) উৎসবের দ্বিতীয় দিনে থাকছে মিউজিক্যাল পিলো পাসিং, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়, স্মৃতিচারণমূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস দক্ষিণাঞ্চলে নারীশিক্ষার অগ্রযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। ১৮৭৩ সালে শিক্ষানুরাগী শরৎচন্দ্র গুহসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রাথমিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ লাভ করে। ১৯৬১ সালের ১২ এপ্রিল বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।

দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য নারীকে শিক্ষিত করে গড়ে তুলেছে, যাঁরা দেশ-বিদেশে শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বর্তমানে বিদ্যালয়টিতে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা বাড়াতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণের কাজও চলমান রয়েছে।

শতবর্ষের এই আয়োজন তাই কেবল পুনর্মিলনীর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নারীশিক্ষার দীর্ঘ ইতিহাস, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে স্মরণ করারও উপলক্ষ। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনেও বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নারীশিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফিরে এসে পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিয়েছেন হাজারো সাবেক ছাত্রী। সময়ের ব্যবধান, বয়সের পার্থক্য কিংবা ভৌগোলিক দূরত্ব সবকিছু ছাপিয়ে তাঁদের একটাই পরিচয়, তাঁরা এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আর সেই ভালোবাসা ও আবেগেই শতবর্ষে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

১

শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

২

ঢাকা-বরিশাল মহাসড়ক: মহাসড়কে মৃত্যুর মিছিল! গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

৩

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও

৪

বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

৫

পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬

৬

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

৭

সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়

৮

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান

৯

বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ

১০

বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি

১১

বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান: তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহণ

১২

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএম কলেজের সুরেন্দ্র ভবনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

১৪

জাতীয় যুব দিবসে সফল যুব সংগঠক পুরস্কার পেলেন ইয়াসের মাহিদুল ইসলাম রাব্বি

১৫

সামাজিক সংগঠন থেকে পেশাগত জীবনে, এক দশকের অভিজ্ঞতায় এগিয়ে চলেছেন ঝালকাঠির সাব্বির হোসেন রানা

১৬

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১৭

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

১৮

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

১৯

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

২০