বরিশালের জুলাই যোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুরপাড় এলাকার ডা. ইমান আলী টাওয়ারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করতে যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তারাই প্রকৃত জুলাই যোদ্ধা। তাঁদের স্মরণেই আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন।
২০২৪ সালের জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে বেঁচে আছেন—তাঁদের প্রতি আমাদের ঋণ কখনো শোধ হবার নয়।”
তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র পরিসরে কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করেছি। আমাদের দেশের ভবিষ্যৎ নেতৃত্ব জনাব তারেক রহমান জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করবেন, এই আশা আপনারা রাখতে পারেন।”
এ সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে এবং জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে বরিশালের কয়েকটি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তার এই মানবিক ও মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জুলাই যোদ্ধাসহ বরিশালের সর্বস্তরের মানুষ।