পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে এক জেলেকে পিটিয়ে আহত ও মাছ ধরার ট্রলার ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনার পর নদী তীরবর্তী জেলে পল্লীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৭ মে) সকালে আহত জেলে মো. মনির হাওলাদার (৩৬) বাদী হয়ে বাউফল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাদ্যপাশা চর এলাকার বাসিন্দা।
অভিযোগে জানা যায়, তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় স্থানীয় বেল্লাল মোসলমান ও কামরুল মোসলমান জোরপূর্বক মাছ কিনতে চান। মাছের ন্যায্যমূল্য দাবি করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোটা ও লগি-বৈঠা দিয়ে মনিরকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় হামলাকারীরা তার মাছ ধরার ট্রলার ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত কামরুল হাওলাদার পূর্বে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র রাজনীতিতে সক্রিয়।
ভুক্তভোগী মনির হাওলাদার দাবি করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। নদীতে মাছ ধরতে গেলে জাল ও ট্রলার ছিনিয়ে নেওয়া এবং তাকে গুম কিংবা হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বাউফল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।