এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয়ে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিকের নিচতলায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকের নিচতলায় অবস্থিত সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে আসবাবপত্র বের করে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার ঘটনায় আরাফ ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকজন রোগী ক্লিনিক ছেড়ে অন্যত্র চলে যান।
সংসদ সদস্য কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এরও নেতা।
এদিকে শুধু জেলা শহরেই নয়, কাশিয়ানী উপজেলাতেও পৃথক দুটি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিনে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলার এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
একদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে হামলা, অন্যদিকে জামায়াত ও বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।’
|
১৮ নভেম্বর, ২০২৬








