বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’-এ উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ হলো নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো।
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজু, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন, জামায়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, মাওলানা মোহাম্মদ এরশাদ হোসাইন, রহমতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. দেলোয়ার হোসাইন।
এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. রুহুল আমিন (আল-আমিন) ও সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন ও সাধারণ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
|
২১ নভেম্বর, ২০২৬









