ক্ষমতায় আসার প্রথম ৬ মাসে নানা জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে নিজেদের আলাদা ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে বিএনপি সরকার। কিন্তু এরই মধ্যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস ও নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। রাজধানী থেকে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত এসব অভিযোগের খবর প্রকাশ পাওয়ায় একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে ক্ষমতাসীন দলের মাঠপর্যায়ের নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা বাড়ছে।
সাম্প্রতিক সময়ে এ বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুখোশ পরা দুই শতাধিক সন্ত্রাসী স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুটপাট চালায় এবং পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে জায়গাটি দখলের চেষ্টা করছিল। হামলার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডে’র সাইনবোর্ডও টাঙানো হয়। এই হামলা ও দখলের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও মিরপুরের শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়াসহ বিএনপির নেতাকর্মী-সন্ত্রাসীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়। শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল সুইডিশ ভিত্তিক আন্তর্জাতিক সহযোগী সংস্থা রাড্ডা বার্নেন নামের প্রতিষ্ঠানটি। ফলে জমি দখলের অভিযোগের পাশাপাশি একটি দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনাটি জনস্বার্থের প্রশ্নও সামনে এনেছে।
এমনকি এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটির দখলে খোদ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রধান রাষ্ট্রীয় সংস্থা পুলিশের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বীকার করেছেন, ভাঙচুরের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। পরে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, ঘটনাটি প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে; পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেছেন, কোনো দল বা মত দেখা হবে না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে।
রাড্ডা সেন্টারের ঘটনায় স্থানীয় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ এখনো তদন্তাধীন; কাউকে দলীয়ভাবে দায়ী করার মতো চূড়ান্ত তদন্ত-ফল প্রকাশিত হয়নি। কিন্তু ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল ও অপরাধের অভিযোগ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বও বারবার সতর্কবার্তা দিচ্ছে।
এদিকে, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও দখলের বিষয়ে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, মিরপুরের রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন গ্রেপ্তার হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া, রাজধানীর ইসিবি চত্বরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের সম্ভাব্য জের বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সালমান মুক্তাদির কোনো মামলা করেননি; বরং বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এর বাইরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পাওয়ার পর অভিযান চালিয়ে প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অনুমতি ছাড়াই বৈঠক করতে পারে; তবে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের তথ্য পাওয়ায় ওই অভিযান চালানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর বক্তব্যেও একই অবস্থান উঠে এসেছে। তিনি বলেন, সরকার চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। ঢাকায় এক দিনের পুলিশি অভিযানে ৪৭২ জনকে আটক করার তথ্য দেন তিনি। একই সঙ্গে সরকারি অর্থ ও সম্পদ লুটকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন রিজভী।
রিজভী আহমেদ দলীয় অবস্থান ব্যাখ্যা করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে দল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিএনপি প্রশ্রয় দেয় না এবং এ ধরনের অভিযোগে বেশ কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার বা পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এদিকে মাঠপর্যায়ে অভিযোগের পরিসরও কম নয়। জুনে নারায়ণগঞ্জের বিএনপি এমপির ছেলে ও জেলা যুবদলের এক নেতাকে চাঁদাবাজির একাধিক অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সেপ্টেম্বরে পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতাকে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এসব ঘটনায় অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে নির্ধারণ করবে তদন্ত ও আদালত; তবে দলীয় নেতৃত্বের জন্য ঘটনাগুলো সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্ন সামনে এনেছে।
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য পাল্টা যুক্তিও দিচ্ছে। রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি শতভাগ স্বাভাবিক করা সম্ভব নয়; গুরুত্বপূর্ণ হলো অপরাধের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না এবং অপরাধীরা গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হচ্ছে কি না।
এখানেই সরকারের জন্য রাজনৈতিক পরীক্ষাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকার পর বিএনপির কাছে মানুষের অন্যতম প্রত্যাশা ছিল আইনের শাসন, নিরাপত্তা এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে প্রশাসনিক ব্যবস্থা। ফলে দলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ বারবার উঠতে থাকলে তা শুধু সাংগঠনিক সমস্যা হিসেবে দেখার সুযোগ কমে যায়; সরকারের ভাবমূর্তি ও প্রশাসনিক সক্ষমতার প্রশ্নও সামনে আসে।
বিশেষ করে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের মতো একটি প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা, লুটপাট, স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং এরপর সেখানে দখলের দাবিসংবলিত সাইনবোর্ড টাঙানোর ঘটনা জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে—ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাব কি প্রশাসনিক নিয়ন্ত্রণকে ছাপিয়ে যাচ্ছে? আবার পুলিশের উপস্থিতি সত্ত্বেও হামলা ঠেকানো না যাওয়ার অভিযোগ সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। তদন্তে কারা জড়িত এবং তাদের রাজনৈতিক পরিচয় কী, সেটিই এখন গুরুত্বপূর্ণ।
ফলে বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জটি কেবল চাঁদাবাজি বা দখলদারি বন্ধ করা নয়; ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে দ্রুত, দৃশ্যমান ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া। কেন্দ্রীয় নেতৃত্বের ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে ব্যবধান যত কমানো যাবে, সরকারের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার পরীক্ষাও ততটাই ইতিবাচকভাবে মোকাবিলা করা সম্ভব হবে। আর সেই ব্যবধান থেকেই যদি নতুন নতুন অভিযোগের জন্ম হয়, তাহলে চাঁদাবাজি-দখল-সন্ত্রাসের বিতর্ক বিএনপি সরকারের জন্য ক্রমেই বড় রাজনৈতিক বোঝা হয়ে উঠতে পারে।
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও
১
বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক
২
পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬
৩
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি
৪
সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়
৫
ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান
৬
বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ
৭
বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি
৮
বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান: তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহণ
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিলেন এক নারী। সঙ্গে ছিল সাত বছরের শিশু সন্তান। ক্যাম্পাসে ঘুরতে আসার পর থেকেই হঠাৎ নিখোঁজ মা ও ছেলে। স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই, মিলছে না কোনো সন্ধানও। তাঁদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।ঈ
নিখোঁজ ওই নারীর নাম সাবিকুন্নাহার লিজা (২৭)। তাঁর ছেলে লাবিবের বয়স সাত বছর। লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে আসেন লিজা। এরপর থেকে মা ও ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রথমে স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তাঁরা এখনো লিজা ও তাঁর ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করে।
এদিকে মা ও শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তাঁদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে এবার সংঘর্ষে জড়ালেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রাক্তন শিক্ষার্থীদের দুই পক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠক উত্তপ্ত হয়ে একপর্যায়ে রূপ নেয় হাতাহাতি ও ভাঙচুরে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কনফারেন্স রুমের আসবাবপত্রও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্রসমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তী সময়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বকে কেন্দ্র করে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপন সামনে রেখে দুই পক্ষের মধ্যে বিরোধ নতুন করে দানা বাঁধে। অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের জেরে বৃহস্পতিবার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বৈঠকে বসে দুই পক্ষ। কিন্তু আলোচনায় কোনো সমাধান না আসায় একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কনফারেন্স রুমে ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রাক্তন ছাত্রনেতা ডা. ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে হাতাহাতি কিংবা মারামারির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, প্রাক্তন ছাত্রদের একটি কমিটি রয়েছে, যা একই দলের অন্য একটি অংশ মানতে চায় না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তার চাকরির অবসান ঘটিয়েছে সরকার। একই সঙ্গে আরেক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। অসদাচরণ, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়া এবং দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ এবং মো. আরিফুজ্জামান। অন্যদিকে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রলয় কুমার জোয়ারদার পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ১৫ আগস্টের মধ্যে সব পুলিশ ও নন-পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি ফেরেননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে কর্মস্থলে ফেরানো সম্ভব হয়নি। এ কারণে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম ছুটি শেষে ২০২৫ সালের ২৩ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও অনুপস্থিত থাকেন। তাঁকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হলেও কোনো লিখিত জবাব দেননি। বিভাগীয় প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধেও বরখাস্তের আদেশ জারি করা হয়।
একইভাবে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটিতে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি। ১৮ সেপ্টেম্বর তাঁর যোগ দেওয়ার কথা ছিল। সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থায়ী ঠিকানায় একাধিক নোটিশ পাঠিয়েও সাড়া না পাওয়ায় বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁকে বরখাস্ত করা হয়।
সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামানের বিরুদ্ধেও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ২৯ জানুয়ারি দাপ্তরিক কাজ শেষে তিনি কর্মস্থলে অনুপস্থিত হন। পরদিন হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব বুঝে নিতে বলেন। পরে তাঁকে অসুস্থ হিসেবে দেখানোর নির্দেশও দেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় বিভাগীয় মামলার পর তাঁকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৩ আগস্ট অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে তিনি দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযান চালান। এ সময় ছুটিতে থাকা দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে লুৎফর রহমানের বাড়িতে যান। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁদের একটি বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনে টাকা দাবি করা হয় বলে বিভাগীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাঁকে সহযোগীদেরসহ আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাঠালেও প্রয়োজনীয় কাগজপত্রে অসংগতি পাওয়া যায়। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি। পরে বিভাগীয় মামলার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বরখাস্ত করা হয়।
এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অনুপস্থিতি এবং বিভাগীয় মামলায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী সংবাদ বরিশাল পত্রিকা
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 12 November 2026, 11:55 pm
দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল।
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ১১ ও ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী বরিশালের নথুল্লাবাদ এলাকার শের-ই-বাংলা সড়কে এ কর্মসূচি পরিচালিত হয়।
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রারের হাতে ডেংগু সচেতনতামূলক লিফলেট ও স্টিকার তুলে দিচ্ছেন আয়োজকরা
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশার প্রজননস্থল, মশার কামড় থেকে বাঁচার উপায় এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সহ-সভাপতি আলী হাসনাইন, সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভ, ছাত্রদল নেতা সায়েম শান্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এ সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ডেংগু সচেতনতা স্টিকার হাতে শিক্ষার্থীরা
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার—এই বার্তা নিয়েই দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
শিক্ষা, স্বেচ্ছাসেবা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নিজেকে একজন সচেতন, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান সাকিবুল ইসলাম রাইহান। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের মানুষের জন্য ইতিবাচক কিছু করা এবং একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখাই তাঁর জীবনচিন্তার অন্যতম লক্ষ্য।
শিক্ষাজীবন ও জ্ঞানচর্চা
সাকিবুল ইসলাম রাইহানের শিক্ষাজীবনের সূচনা মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। তিনি মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল (এমএ) সম্পন্ন করেছেন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স শেষ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল) প্রোগ্রামের তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন।
তাঁর কাছে শিক্ষা কেবল সনদ কিংবা ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের চিন্তাভাবনা, মূল্যবোধ, মননশীলতা ও দায়িত্ববোধ বিকাশের অন্যতম প্রধান উপায়। ধর্মীয় জ্ঞান, ব্যবস্থাপনা শিক্ষা এবং উচ্চতর একাডেমিক চর্চার সমন্বয়ে নিজেকে একজন সচেতন, যুক্তিবাদী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।
স্বেচ্ছাসেবী জীবন ও মানবিক কর্মকাণ্ড
সাকিবুল ইসলাম রাইহানের জীবনের অন্যতম ভালো লাগার জায়গা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগ। তিনি বিশ্বাস করেন, মানুষের জন্য কাজ করার মানসিকতা কোনো পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা থেকে গড়ে ওঠা একটি জীবনদর্শন।
শিক্ষার্থী ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার বিষয়গুলো তাঁকে অনুপ্রাণিত করে।
বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি, সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং নাগরিকদের সেবাপ্রাপ্তির পথ সহজ করার বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
তাঁর মতে, মানবিক কাজ মানেই শুধু আর্থিক সহযোগিতা নয়। কখনো একজন অসহায় মানুষকে সঠিক পরামর্শ দেওয়া, প্রয়োজনের মুহূর্তে কারও পাশে দাঁড়ানো, একজন শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে উৎসাহিত করা কিংবা কাউকে প্রয়োজনীয় সেবা পেতে সহযোগিতা করাও গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ।
স্বেচ্ছাসেবী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তিনি কোনো পদক, সম্মাননা কিংবা পরিচিতিকে বিবেচনা করেন না। বরং নিজের সামান্য প্রচেষ্টায় কোনো মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোই তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন।
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি ভালোবাসা
পড়াশোনা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, সংগীত এবং সৃজনশীল কাজের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তিনি মনে করেন, একটি জাতির সামগ্রিক বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাহিত্য মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়, সংস্কৃতি মানুষের মননকে সমৃদ্ধ করে এবং সংগীত মানুষের অনুভূতি ও সৌন্দর্যবোধকে বিকশিত করে। এ বিশ্বাস থেকেই সাহিত্য পাঠ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন তিনি।
তাঁর দৃষ্টিতে, শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন মানুষের সাংস্কৃতিক বোধ, মানবিক সংবেদনশীলতা ও সৃজনশীল মনন থাকা প্রয়োজন। কারণ জ্ঞান মানুষকে দক্ষ করে, আর সংস্কৃতি তাকে পরিশীলিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
দেশের উন্নয়ন ও তরুণ সমাজ নিয়ে ভাবনা
বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে তরুণ সমাজকে বিবেচনা করেন সাকিবুল ইসলাম রাইহান। তবে তাঁর মতে, তরুণদের শুধু চাকরির পেছনে ছুটতে উৎসাহিত করলেই চলবে না। তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী, বাস্তবভিত্তিক ও মানবিক করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তাঁর মতে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীরা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারে এবং সেগুলোর সমাধানে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়, সে পরিবেশ তৈরি করা জরুরি।
তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষ মর্যাদা, সমান সুযোগ এবং প্রয়োজনীয় মৌলিক সেবা লাভ করবে।
ব্যক্তিগত দর্শন ও ভবিষ্যৎ প্রত্যয়
সাকিবুল ইসলাম রাইহানের বিশ্বাস, একজন মানুষের প্রকৃত পরিচয় কেবল শিক্ষাগত যোগ্যতা, পেশা কিংবা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের প্রতি আচরণ, দায়িত্ববোধ, মূল্যবোধ এবং সমাজের জন্য তাঁর অবদানই একজন মানুষের প্রকৃত পরিচয় নির্মাণ করে।
তিনি মনে করেন, একক প্রচেষ্টায় পুরো সমাজ পরিবর্তন করা সম্ভব না হলেও নিজের সামর্থ্য ও অবস্থান থেকে কয়েকজন মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আর সেই পরিবর্তনের মধ্যেই রয়েছে জীবনের অন্যতম বড় সার্থকতা।
ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি একটি মানবিক, বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চান সাকিবুল ইসলাম রাইহান। তাঁর কাছে জীবনের সার্থকতা কেবল নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যে নয়, বরং নিজের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে অন্যের জীবনেও সম্ভাবনার আলো ছড়িয়ে দেওয়ার মধ্যে।
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 11 November 2026, 10:58 pm
দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল।
বুধবার (১১ নভেম্বর) বরিশালের নথুল্লাবাদ এলাকার শের-ই-বাংলা সড়কে অবস্থিত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধান ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সহ-সভাপতি আলী হাসনাইন, সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভ, ছাত্রদল নেতা সায়েম শান্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা অপতৎপরতা যাতে ক্যাম্পাসে সংঘটিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাদের অন্যতম লক্ষ্য। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হোক, তা তারা চান না।
নেতাকর্মীরা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। এ লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে ৩০০টিরও বেশি ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ এবং পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় কলেজের প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন ও বনায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর তাছমীন সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের আহ্বায়ক প্রফেসর মো. মফিজুর রহমান। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে সবুজ বাংলা, ব্রজমোহন কলেজ শাখা।
রোপণ করা চারার মধ্যে ছিল আম, কাঁঠাল ও নারিকেলসহ বিভিন্ন ফলজ গাছ এবং সৌন্দর্যবর্ধক দেবদারু। এসব গাছের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি উপলক্ষে বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, পরিবেশ রক্ষা ও ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের দেশগুলো ক্রমেই সবুজায়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসকে সবুজ ও মনোরম করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন কর্মসূচি আয়োজনের জন্য পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএম কলেজের পক্ষে এতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। অন্যদিকে, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশালের বাংলাবাজার শাখার প্রতিনিধিরা প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী জাবের আহমেদ। এ সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বাংলাবাজার শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) মো. জুয়েলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং বিএম কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন বলেন, বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কিছু করতে পেরে তিনি আনন্দিত। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কাজ করে যাচ্ছে।
তিনি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত পাঁচ শতাধিক কর্মীর মধ্যে শতাধিকই বিএম কলেজের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া কলেজের অসচ্ছল শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসায় বিশেষ ছাড়ের পাশাপাশি পপুলার ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার বিকাশের পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমঝোতা স্মারকের ফলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
তিনি এ উদ্যোগের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাধারণ রোগীদের জন্য নির্ভুল ও মানসম্মত পরীক্ষার প্রতিবেদন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন মেডিকেল কলেজ স্থাপন এবং নিয়মিত স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।
সমঝোতা স্মারক অনুযায়ী, বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অফিসের কর্মচারীরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশালের বাংলাবাজার শাখা থেকে বিভিন্ন চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এর আওতায় সব ধরনের হরমোন ও প্যাথলজি পরীক্ষায় ছাড় দেওয়া হবে। এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই ও বিভিন্ন রেডিওলজি পরীক্ষায়ও বিশেষ ছাড়ের সুবিধা থাকবে।
তবে এ সুবিধার আওতার বাইরে থাকবে এন্ডোস্কপি, কোলনোস্কপি ও এনসিএস পরীক্ষা। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ, সাশ্রয়ী ও সহজলভ্য হবে।
বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘তারুণ্যের শেকড়’।
আবদুর রহমান সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আতিকুর রহমান সাবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. মো. ইউনুস আলী, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আনিসুর রহমান, এটিএন বাংলার সাবেক উপস্থাপক, শিক্ষক ও উদ্যোক্তা মাওলানা বাকী বিল্লাহ এবং ‘সচেতনতার ফেরিওয়ালা’ খ্যাত ইঞ্জিনিয়ার সাঈদ রিমন, বরগুনা রেডক্রিসেন্টের যুব প্রধান মোঃ সজিব হোসেন, বন্ধুসভার বরগুনা সভাপতি খান নাঈম, সংগঠক বনি আমিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক স্বেচ্ছায় রক্তদাতা অংশগ্রহণ করেন। এ সময় মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে রক্তদাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানে তরুণ সমাজকে আরও বেশি উৎসাহিত করা এবং মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১:৩০ এ গ্রাউন্ডফ্লোরে কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ও “গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্স হলের সামনে এসময় বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলনের ওপরে তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন বলেন, গণতন্ত্র আর গণমাধ্যমের স্বাধীনতা ওতোপ্রোতোভাবে জড়িত। গণতন্ত্রের জন্য যেমন গণমাধ্যম দরকার তেমনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক চর্চা দরকার। আরেকটি বিষয় সাংবাদিকতা অন্যান্য পেশার মতো নয় এই পেশায় আসার পর কেউ আপনাকে প্রশংসা করবে আবার কেউ আপনাকে নিন্দা করবে দুটোই গ্রহণ করে আপনাকে এগিয়ে যেতে হবে। সাংবাদিকের মতাদর্শ থাকতে পারে এটা সবারই আছে। কিন্তু সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা জরুরি, বস্তুনিষ্ঠতা বজায় থাকলে মতাদর্শ থাকার পরও কারো প্রতি জাস্টিসটা করা সম্ভব হয়। তিনি আলোচনায় আরও বলেন, একজন সাংবাদিকের স্বাধীন থাকার বড় শক্তি তার সততা ও পেশাদারিত্ব। এই পেশাদারিত্বের মধ্য দিয়ে সরকার ও ক্ষমতাকে তিনি প্রশ্ন করবেন স্বচ্ছতা নিশ্চিত করবেন। স্বচ্ছতা নিশ্চিত করবেন বলতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। সাংবাদিকের সাথে ক্ষমতাশীনদের সবসময় মাঝামাঝি সম্পর্ক বজায় থাকবে ভালো খারাপ দুটোর কোনটির দরকার নেই। গণমাধ্যমের নিজের এই সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সরকারের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বক্তব্যে বলেন, “সবাইকে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার কথা বলেন। অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়ে সত্য তুলে ধরার আহ্বান জানান।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা, বরিশাল শহরের বিভিন্ন পত্রিকার সাংবাদিক। উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান শেষে সভাপতি মো. রবিউল ইসলাম সবাইকে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।