বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠির আয়োজনে এবং ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর সহযোগিতায় “রক্তযোদ্ধা সম্মাননা-২০২৬ (সিজন-০৬)” অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমের অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় বিশেষ অবদান রাখা ১২ জন রক্তযোদ্ধাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাওছার হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক, ঝালকাঠি পৌরসভা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ বয়সে তিনিও নিয়মিত রক্তদান করতেন। শারীরিকভাবে দুর্বল ও চিকন হওয়া সত্ত্বেও সাহস নিয়ে রক্তদান করেছেন। তিনি উপস্থিত রক্তযোদ্ধাদের রক্তদানে আরও উৎসাহিত করেন এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এছাড়া ইয়াস ব্লাড ব্যাংকের মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি গরিব ও অসহায় রোগীদের প্রয়োজনে ব্যবহারের জন্য ১০০টি ব্লাড ব্যাগ প্রদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে প্রয়োজনীয় মেডিসিন সরবরাহের ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মোঃ ফজলে রাব্বী আসিফ, সহকারী কমিশনার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আককাস সিকদার, সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাব ও উপদেষ্টা, ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। তিনি ইয়াসের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের সদস্যদের আরও সক্রিয়ভাবে মানবসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর সভাপতি মোঃ আবির হোসেন রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠির আহ্বায়ক মাহাদি হাসান আকাশ এবং ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর সদস্য আসমা আক্তার।
অনুষ্ঠানে প্লাটিলেট ডোনেশনে বিশেষ ভূমিকা রাখার জন্য মোঃ মেহেদী হাসানকে, সর্বোচ্চ ৪৯ বার রক্তদানের জন্য মোঃ মশিউর রহমান (ফরহাদ)-কে এবং বিরল বি-নেগেটিভ (B-) রক্তের গ্রুপে বিশেষ অবদানের জন্য মোঃ আসাদুজ্জামান লাবিবকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া তরুণ রক্তযোদ্ধা ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন মোঃ জুয়েল মিয়া, মোঃ ফাহিম মুনতাসির শান্ত, আব্দুল্লাহ আল রিয়াদ, মোঃ হাসান হাওলাদার, মোঃ সাহারিয়া পাপন, মোঃ কাওছার মৃধা, খান জাহান রিমন, মোঃ রায়হান জোমাদ্দর এবং সাকিবুল ইসলাম রাইহান।
রক্তযোদ্ধাদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় নতুন রক্তদাতা তৈরি, নিয়মিত রক্তদানের সংখ্যা বৃদ্ধি, রোগী ও স্বজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সিজারিয়ান, থ্যালাসেমিয়া ও অন্যান্য জরুরি রোগীদের জন্য রক্ত ব্যবস্থাপনা সহজীকরণ এবং স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে জেলা ও জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে রক্তযোদ্ধা ও অতিথিবৃন্দ একটি প্রতীকী পাতাঝড়া বৃক্ষে টিপসইয়ের মাধ্যমে পাতা অঙ্কন করেন। এতে বৃক্ষটি সবুজ রূপ ধারণ করে, যা তারুণ্যের উদ্যম, মানবিক চেতনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।
অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় রক্তযোদ্ধাদের তথ্য সংগ্রহের জন্য কিউআর কোড সম্বলিত সচেতনতামূলক স্টিকার স্থাপন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, ইয়াস ব্লাড ব্যাংকের যুগ্ম আহ্বায়ক চম্পা খানম সহ, বিভিন্ন রক্তযোদ্ধা, ইয়াসের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।