নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা আগামী ৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: প্রোডাকশন
পদের নাম: ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই/কেমিক্যাল টেকনিক্যাল/ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: ৮-১২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক প্রাণ গ্রুপ করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সারা দেশের ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বেতন নতুন পে-স্কেল অনুযায়ী দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটরদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর সুবিধাদি প্রদানে সম্মত হয়েছে। তবে এ ব্যাপারে বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অবশ্যই জাতীয় বেতন স্কেল, ২০২৬ সংক্রান্ত অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখের এস. আর. ও. নং- ৩৪৭-আইন/২০২৬ যথাযথভাবে অনুসরণ করতে হবে।’
এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত) এর বিধি ৮ অনুযায়ী ১ জুলাই, ২০২৬ হতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের বেতন জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’-এ উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ হলো নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো।
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজু, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন, জামায়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, মাওলানা মোহাম্মদ এরশাদ হোসাইন, রহমতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. দেলোয়ার হোসাইন।
এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. রুহুল আমিন (আল-আমিন) ও সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন ও সাধারণ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অপরদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি তাবলীগুল কোরআন দাখিল মাদরাসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চক্ষু রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান, দৃষ্টিশক্তি পরীক্ষার মাধ্যমে চশমার ব্যবস্থাপত্র, চোখ দিয়ে পানি পড়া ও নেত্রনালির সমস্যা, চোখের মাংস বৃদ্ধি এবং চোখের প্রেসার মাপাসহ বিভিন্ন ধরনের চক্ষুসেবা প্রদান করা হয়।
এ ছাড়া ছানি রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য রোগীদের ক্যাম্পের ক্যাম্প শেষে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিজস্ব পরিবহনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে চক্ষু শিবিরে নির্ধারিত মূল্যে ওষুধ এবং স্বল্পমূল্যে চশমা পাওয়ার ব্যবস্থাও ছিল।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাবলীগুল কোরআন জামিয়াতের প্রচার সম্পাদক মুফতি মাওলানা রেদওয়ানুল হক এনাম। ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী, বরিশাল।
বরিশাল-ঢাকা মহাসড়কে গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগের অভিযোগে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এতে ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন আসামিরা—এমন অভিযোগ করা হয়েছে। এ সময় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানো এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।
এ ছাড়া আসামি করা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা সুজন আহমেদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেনকে।
এদিকে, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে ২০ নভেম্বর রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
নিজস্ব প্রতিনিধি, বরিশাল। | 20 November 2026, 10:43 pm
দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উদযাপন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বরিশাল নগরীর শিশু পার্ক সংলগ্ন বরফকল এলাকায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর আয়োজনে এবং সোস্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তাঁর পরিকল্পনা রয়েছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরাও যেন শিক্ষা, ভালোবাসা ও সমান সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। তাই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
অনুষ্ঠানে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এ সময় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপনের পাশাপাশি তাদের মধ্যে খাবার, উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আনন্দঘন এ আয়োজন শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ বাসভবনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে বাসভবনের নিচতলার একটি কক্ষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০/৫০ জন যুবক কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়ার আলহাজ নাসির উদ্দিন সড়কে এসে জিয়াউল আহসানের বাস ভবন তহুরা মঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা একটি ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন দেওয়া বাস ভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর ভবনটিতে থাকেন না বিপ্লব। এ ছাড়া তহুরা মঞ্জিলের অন্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু জিয়াউল হক। তিনিও বরিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের বগুড়া ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি।
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয়ে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিকের নিচতলায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকের নিচতলায় অবস্থিত সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে আসবাবপত্র বের করে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার ঘটনায় আরাফ ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকজন রোগী ক্লিনিক ছেড়ে অন্যত্র চলে যান।
সংসদ সদস্য কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এরও নেতা।
এদিকে শুধু জেলা শহরেই নয়, কাশিয়ানী উপজেলাতেও পৃথক দুটি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিনে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলার এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
একদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে হামলা, অন্যদিকে জামায়াত ও বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।’
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় টার্মিনালের পেছনের দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী এসএম পরিবহনের বাসটি পুড়ে গেছে।
বাস শ্রমিকদের দাবি, টার্মিনালের পেছনের দিকে বাসটি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি পুড়ে যায়।
তবে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। তাঁর দাবি, কয়েকজন ইয়াবাসেবী বাসের ভেতরে বসে মাদক সেবন করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটান। এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
এদিকে, বাসে আগুনের ঘটনায় প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শ্রমিকদের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বরিশাল মহানগর পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি ও ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি পিস্তল ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগও জব্দ করা হয়।
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানা গেছে, জর্দা শামীম গ্রেপ্তারের পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়েছিল। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলেও জানিয়েছে এসআরবি-৮।
জর্দা শামীম ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি। তিনি ঝালকাঠির শাহী জর্দা কোম্পানির মালিক। অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২৬ সালের ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।’