‘আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির’ নাম প্রচার করে গড়ে তোলা একটি আবাসন প্রকল্পের বর্তমান বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় ছয় হাজার ৬৫০ কোটি টাকা।
পুলিশ কর্মকর্তা গাজী মো. মোজাম্মেল হক আবাসন প্রকল্পের পরিচালক।
যদিও পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়েও এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব পাওয়া যায়নি।
অনুসন্ধান বলছে, আবাসন প্রকল্পটির মালিক পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকতা। তবে আইনের মারপ্যাঁচ এড়াতে কৌশলে এই বিপুল সম্পদের মালিকানা তিনি স্ত্রীর নামে করেছেন।
পুলিশের সহকারী কমিশনার পদে ১৭তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৭ সালে চাকরিজীবন শুরু করেন গাজী মো. মোজাম্মেল হক। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত।
সম্প্রতি অনুসন্ধানে অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক ও তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদের নথিপত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, স্ত্রীর নামে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন প্রায় সাড়ে তিন হাজার বিঘা জমি। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পেই রয়েছে তিন হাজার বিঘা জমি, যার বাজারমূল্য প্রায় ছয় হাজার ৬৫০ কোটি টাকা। এর পাশে প্রায় ১০০ বিঘা জমিতে রয়েছে বাগানবাড়ি; যার বর্তমান মূল্য প্রায় ১৬৫ কোটি টাকা।
দাউদপুর ইউনিয়নের ওলপ গ্রামে ৩০ বিঘা জমি কিনেছেন, যার বর্তমান বাজারদর প্রায় ৩০ কোটি টাকা। সদর ইউনিয়নের গুতিয়াবো মৌজায় সরকারি সম্পত্তি দখল করে ৮৩ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করছেন। বর্তমানে আরো জমি কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। সুনামগঞ্জের হাসাউড়ায় ১০ কোটি টাকা মূল্যের প্রায় ১০০ বিঘা জমি রয়েছে।
অনুসন্ধানে আরো জানা গেছে, কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড়। সেখানে আছে ‘মেঘনা রিসোর্ট’ নামে একটি বাগানবাড়ি ও বিশাল মাছের খামার। ২০০ বিঘা আয়তনের এ খামারটির বাজারদর অন্তত ২০ কোটি টাকা। এখানে অবকাঠামোগত ও মৎস্য প্রকল্প উন্নয়নে ব্যয় করেছেন কয়েক কোটি টাকা। নগদ টাকায় কেনার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মানুষের সম্পদ দখলও করেন মোজাম্মেল। এমনকি মেঘনা নদীও গিলে খাচ্ছেন তিনি।
অনুসন্ধানে দেখা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের পাশে ‘আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি’ নামে একটি আবাসন প্রকল্প গড়ে উঠছে। একটানা প্রায় তিন হাজার বিঘা জমি ভরাট করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। কয়েকটি প্লটে দাঁড়িয়ে গেছে বহুতল ভবনও।
সরেজমিনে জানা যায়, আবাসন প্রকল্পের জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল। বাজারমূল্যের চেয়ে অনেক কমে নামমাত্র মূল্যে জমির মালিকানা লিখে নিয়েছেন মোজাম্মেল। জমি কবজা করতে কাউকে রিমান্ডে নিয়ে নির্যাতনও করেছেন। এমনকি হুমকি দিয়ে জবরদস্তির মাধ্যমে কোনো মূল্য ছাড়াই জমি লিখে নিয়েছেন, এমন বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এসব কাজে তাকে সহায়তা করছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র।
অতিরিক্ত ডিআইজি কর্তৃক মেঘনা নদী দখল করে রিসোর্ট ও মাছের খামার গড়ে তোলার বিষয়টি অবগত করলে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ব্যক্তি মালিকানাধীন কিংবা খাস, যে ধরনের জমিই হোক না কেন, নদীর মধ্যে বালু ফেলে সেই জমির শ্রেণি বদলে ফেলা পুরোপুরি বেআইনি। কেউ যদি এমন অন্যায় করে থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে নদী রক্ষা কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।
স্ত্রীর নামে আবাসন কোম্পানি
আবাসন প্রকল্পের জমি কেনাবেচায় সবখানে প্রকাশ্যে পর্দার সামনে থাকেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রকল্পের পরিচালক হিসেবে নথিপত্রে সইও করেন তিনি। এমনকি প্রকল্পের কর্মকর্তারাও নির্দ্বিধায় স্বীকার করেছেন, এই প্রকল্পের মালিক মোজাম্মেল। কিন্তু আইনের মারপ্যাঁচ এড়াতে কৌশলে স্ত্রীর নামে খুলে দিয়েছেন একটি কোম্পানি।
আর স্থানীয়ভাবে ছড়িয়ে দিয়েছেন আবাসন প্রকল্পের জমিগুলোর মালিক তার স্ত্রীর মালিকানাধীন কোম্পানি ‘আনন্দ প্রপার্টিজ লিমিটেড’। ঘটনা বিশ্বাসযোগ্য করে তুলতে প্রকল্পের কিছু জমির মালিকানাও দেখানো হয়েছে এই কোম্পানির নামে।
নথি ঘেঁটে দেখা যায়, মোজাম্মেলের স্ত্রী ফারজানা মোজাম্মেল ‘আনন্দ প্রপার্টিজ লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক। এই কোম্পানির ১৫ হাজার শেয়ারের মধ্যে সাড়ে ১৩ হাজারের মালিকানা তার, যা মোট শেয়ারের ৯০ শতাংশ। বাকি দেড় হাজার শেয়ারের মালিক হলেন খাইরুল আলম ও শহিদুল ইসলাম লিটন নামের দুই ব্যক্তি। এ দুজনকে প্রতিষ্ঠানটির মালিকানায় দেখালেও মূলত তারা প্রতিষ্ঠানটির কর্মচারী। কোম্পানিটি নিবন্ধিত হয় ২০১৩ সালের ১৬ জুন। নম্বর সি ১০৯৭১৬। নিবন্ধিত মূলধন তিন কোটি টাকা।
নথিপত্রে দেখা গেছে, ২০১৬ সালের নভেম্বরে আনন্দ প্রপার্টিজ ৭৭২ শতাংশ বা ৬৮ দশমিক ৬১ বিঘা জমি নিজেদের মালিকানায় আছে বলে ঘোষণা দেয়। জায়গাগুলো মোগলান, গুতিয়াব, পিতলগঞ্জ প্রভৃতি মৌজায় দেখানো হয়েছে। রূপগঞ্জে প্রতিবিঘা জমির সর্বনিম্ন বাজারমূল্য দেড় কোটি টাকা ধরে হিসাব করলে ফারজানা মোজাম্মেলের নামে থাকা আনন্দ প্রপার্টিজের বর্তমান বাজারমূল্য শতকোটি টাকার বেশি। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই প্রপার্টিজের দখলে অন্তত তিন হাজার বিঘা জমি রয়েছে। যার বাজারমূল্য প্রায় ছয় হাজার ৬৫০ কোটি টাকা।
এদিকে, আবাসন প্রকল্পটির নাম নিয়েও রয়েছে ধোঁয়াশা। প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং রূপগঞ্জের ভূমি অফিসে কোম্পানির দেওয়া ব্লুপ্রিন্টে ‘আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি’ উল্লেখ রয়েছে। অথচ প্রকল্পের সাইনবোর্ডে লেখা ‘আনন্দ হাউজিং সোসাইটি’।
খোঁজ নিয়ে জানা গেছে, এটির সঙ্গে পুলিশ বাহিনীর কোনো অফিশিয়াল সংশ্লিষ্টতা নেই। হাউজিং কোম্পানিতে পুলিশের শীর্ষ কর্মকর্তারা মালিকানায় আছেন বলে প্রচার করা হলেও এটি মূলত ডিআইজি মোজাম্মেল পরিচালনা করেন। আর সামনে রাখেন তার স্ত্রী ফারজানা মোজাম্মেলকে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে প্রায় তিন হাজার বিঘা জমি কবজা করে ফেললেও ভূমি অফিসের নথি বলছে, প্রকল্পের খারিজ করা জমির পরিমাণ মাত্র ৪০০ বিঘা। আবার এই ৪০০ বিঘা জমি নিয়েও রয়েছে মামলা। প্রায় আড়াই শ ভুক্তভোগী এই জমির মালিকানা দাবি করে মামলা করেছেন। হাউজিংয়ের দখলে থাকা বাকি জায়গার মালিকানা নিয়ে তো বিরোধের অন্ত নেই।
নামসর্বস্ব আনন্দ পুলিশ হাউজিং ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত আনন্দ প্রপার্টিজের একটি সিসটার কনসার্ন প্রতিষ্ঠান হিসেবে ছিল। কিন্তু গত ৩১ মার্চ পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে এপ্রিলের প্রথম সপ্তাহে রেজিস্ট্রার অব জয়েন স্টকে এটির আলাদা কোম্পানি হিসেবে নিবন্ধন করা হয়। সেখানে মোজাম্মেল নিজের স্ত্রীকে বাদ দিয়ে এটির নিবন্ধন করান।
স্ত্রীর নামে আরো যত সম্পদ
অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে। সেখানেও স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে গড়েছেন অঢেল সম্পদ। এর মধ্যে ২০০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে বিশাল বাগানবাড়ি ও মৎস্য খামার। নাম দিয়েছেন ‘মেঘনা রিসোর্ট’। শুধু রিসোর্টই নয়, হরিপুরে স্ত্রী ফারাজানার নামে চারতলা ভবনের সুরম্য অট্টালিকা গড়ে তুলেছেন মোজাম্মেল।
এই বাড়ি থেকে রিসোর্টে যেতে হয় ট্রলারে। গত ৭ নভেম্বর ট্রলারে চেপে রিসোর্টের দিকে এগোয় অনুসন্ধানী দল। প্রায় ২০ মিনিট পর ট্রলার থামে মোজাম্মেলের রিসোর্ট ও মৎস্য খামারের ঘাটে। সেখানে দেখা যায়, মেঘনা নদী ও চরঘেঁষে গড়ে উঠেছে এই রিসোর্ট। আলাপচারিতার এক পর্যায়ে রিসোর্টের ম্যানেজার মামুন বলেন, ‘দেড় শ বিঘার মতো জমি ভরাট হয়েছে। ওই পাশে আরো আছে। এখানে স্যার (মোজাম্মেল) রিসোর্ট করবেন। নদীর দুই পাশে থাকা অংশের আরো এক হাজার ফিট করে ভরাট হবে। এখানে খাসজমি ছিল, এলাকার মানুষের ছিল, লিজের জমি ছিল; স্যার সেগুলো কিনে নিয়েছেন। খালি জায়গাগুলোর জন্য মাটি কেনা আছে। খুব শিগগিরই ভরাট হবে। ’
সরেজমিনে দেখা গেছে, এই রিসোর্টে আটটি পুকুর রয়েছে। এগুলো সর্বনিম্ন ৯ বিঘা থেকে সর্বোচ্চ ২১ বিঘা আয়তনের। এ বছর পুকুরগুলোতে ২১ লাখ টাকার মাছ ছেড়েছেন মোজাম্মেল। এ ছাড়া রিসোর্টে রয়েছে বিদেশি বিভিন্ন ফল ও সবজির বাগান।
বিভিন্ন সময় মোজাম্মেলের স্ত্রীর এই রিসোর্টে অবকাশে আসেন পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তারা। মামুনের ভাষায়, এটি মোজাম্মেলের সুদূরপ্রসারী প্রজেক্ট। এখানে আনন্দ হাউজিংয়ের নামেও জমি রয়েছে। ভবিষ্যতে ফলের আইটেম করা হবে। পাশে বিদ্যুতের সাব-স্টেশন করার পরিকল্পনাও রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিজ এলাকার বাইরেও সম্পদের পাহাড় গড়েছেন অতিরিক্ত ডিআইজি। তবে কৌশলে প্রায় সবখানেই সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রীর নামে। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রামেও তাঁদের একটি বাগানবাড়ির খোঁজ পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, হাসাউড়া গ্রামের বাড়িটি গড়ে তোলা হয়েছে প্রায় ১০০ বিঘা জমির ওপর। বর্তমানে এই জমির মূল্যও কমপক্ষে ১০ কোটি টাকা।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বাগানবাড়ির জন্য জমি কেনার পাশাপাশি দখল ও ক্ষমতার অপব্যবহার করছেন মোজাম্মেল। পুরো অর্থ পরিশোধ না করেই জমি দখল করেছেন তিনি।
‘র’ আদ্যক্ষরের এক ভুক্তভোগী বলেন, ‘আমার থেকে প্রায় দেড় শ শতাংশ জমি কিনেছেন অতিরিক্ত ডিআইজি। কিন্তু চুক্তি মূল্যের অর্ধেক টাকা দিয়েই তিনি জমি লিখে নিয়ে যান। এখন টাকা চাইতে গেলে মামলা ও পুলিশি হয়রানির ভয় দেখান। ’
ভুক্তভোগীরা যা বলছেন
রূপগঞ্জের আবাসন প্রকল্প যেখানে গড়ে উঠেছে সেখানে একসময় বসতভিটা এবং বিশাল মাছের খামার ছিল স্থানীয় বাসিন্দা হাজি সোলেমানের। এখন তার খামারের কোনো চিহ্নই নেই। তার জমি কবজায় নিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল। সোলেমান বলেন, ‘এখানে আমার মাছের খামার ছিল। তিন-চার বিঘা জমি ছিল। সব দখল করেছেন ডিআইজি মোজাম্মেল।
তিনি আরো বলেন, জমি রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অভিযোগ করেও কোনো সুফল মেলেনি। হয়তো শেষ সম্বল বসতভিটাটাও বিনা মূল্যে ডিআইজি দখল করে নেবেন। এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সোলেমান।
আব্দুল সাত্তার নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘অভাব এখন আমার নিত্যদিনের সঙ্গী। পুশিলের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল নিজের স্ত্রীর নামে করা হাউজিংয়ে আমার সম্পদ দখল করে না নিলে এই অভাবে পড়তে হতো না। জমির ওপর থাকা আমার সাইনবোর্ড সরিয়ে থানায় নিয়ে গিয়ে আটকে রাখেন ডিআইজি। পরে জোর করে জমি লিখে নেন। ’
অভিযোগ রয়েছে, ২০১৯ সালে রূপগঞ্জের স্থানীয় বাসিন্দা সত্তরোর্ধ্ব জাহের আলীকে টানা ১৩ দিন ডিবি অফিসে আটকে রেখে অকথ্য নির্যাতন চালিয়েছিলেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল। জাহের আলীর ভাষ্য, তার ব্যক্তিমালিকানাধীন ৬২ বিঘা জমি মোজাম্মেলের নামে লিখে দিতেই তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল। নির্মম নির্যাতন থেকে রক্ষা পেতে শেষ পর্যন্ত নিজের জমি মোজাম্মেলের নামে লিখে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এ ঘটনা তখন গণমাধ্যমেও ফলাওভাবে প্রকাশ হয়েছিল। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এ ঘটনাটি অবগত হয়েছিলেন।
এ বিষয়ে জাহের আলীর পুত্রবধূ আফরোজা আক্তার আঁখি বাদী হয়ে মোজাম্মেল, তার স্ত্রী ফারজানাসহ ২০ জনের নামে মামলা করেছিলেন। কিন্তু নিজেদের জমি রক্ষা করতে পারেননি কোনোভাবেই।
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 28 November 2026, 12:44 am
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়মুক্তির অবসান ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশালে প্রচারাভিযান, র্যালি, মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় বরিশালের বেলস পার্ক মাঠে ‘আমার কণ্ঠ, আমার অধিকার’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) বাস্তবায়িত ‘স্বাধীনতা: ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (FREEDOM)’ প্রকল্পের আওতায় এ প্রচারাভিযানের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বরিশাল বিভাগের ছয়টি জেলার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষসহ শতাধিক ব্যক্তি এতে অংশ নেন। সভা, র্যালি ও মানববন্ধনের পাশাপাশি স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন সচেতনতামূলক ও বার্তাবাহী প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে ‘নিরাপদ ডিজিটাল স্পেস চাই’, ‘ভুল তথ্য না ছড়াই’ এবং ‘তথ্য যাচাই করে শেয়ার করি’—এমন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, গুজব ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে তরুণ সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা একটি সচেতন, দায়িত্বশীল, নিরাপদ ও অধিকারভিত্তিক ডিজিটাল সমাজ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা প্রদান, প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
কেমন ডিজিটাল স্পেস চান সে বিষয়ে লিখছেন একজন নারী
এদিকে, স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্বাক্ষর সংগ্রহের ব্যানারে নিজেদের অভিমত, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন তারা। কেমন ডিজিটাল স্পেস প্রত্যাশা করেন এবং অনলাইন জগতে কী ধরনের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হওয়া প্রয়োজন, সে বিষয়েও সাধারণ মানুষ নিজেদের মতামত প্রকাশ করেন। অনেকে স্বাক্ষরের মাধ্যমে এ প্রচারাভিযানের দাবির প্রতি সমর্থন জানান।
মানববন্ধন পরবর্তী র্যালি
মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে এসব দাবির প্রতি জনসমর্থন তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবাধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আয়োজকরা জানান, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্ক শক্তিশালী করাই এ প্রচারাভিযানের মূল উদ্দেশ্য।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখা। ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন ছাত্রদল, পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ও কৃষিবিদ ড. রাহাত মাহমুদ এবং সংগঠনটির সদস্য ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকদের মেধা, যোগ্যতা, নিষ্ঠা ও গবেষণার মধ্য দিয়েই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। নবনিযুক্ত শিক্ষকেরা তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান, নবনিযুক্ত সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার ও ড. রাহাত মাহমুদ এবং প্রভাষক ডা. মো: মহিবুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল, পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিদ।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চার শিক্ষককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে তাঁদের কার্যকর অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখার উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার কার্যক্রম দুটি পর্বে সম্পন্ন হয়।
২৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সমন্বয়ক মো. ফজলে রাব্বি এবং সাবেক পটুয়াখালী কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান জনি। এ ছাড়া কর্মশালায় পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রথম পর্বে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “প্রতিশ্রুতি দেওয়া সহজ হলেও তার যথাযথ বাস্তবায়ন চ্যালেঞ্জিং। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি রয়েছে। এ ছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা দক্ষিণাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালার দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, ড. রাহাত মাহমুদ, ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমান পবিপ্রবির সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত প্রভাষকদেরও সংবর্ধনা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনির সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সারা দেশের ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বেতন নতুন পে-স্কেল অনুযায়ী দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটরদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর সুবিধাদি প্রদানে সম্মত হয়েছে। তবে এ ব্যাপারে বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অবশ্যই জাতীয় বেতন স্কেল, ২০২৬ সংক্রান্ত অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখের এস. আর. ও. নং- ৩৪৭-আইন/২০২৬ যথাযথভাবে অনুসরণ করতে হবে।’
এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত) এর বিধি ৮ অনুযায়ী ১ জুলাই, ২০২৬ হতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের বেতন জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’-এ উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ হলো নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো।
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজু, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন, জামায়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, মাওলানা মোহাম্মদ এরশাদ হোসাইন, রহমতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. দেলোয়ার হোসাইন।
এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. রুহুল আমিন (আল-আমিন) ও সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন ও সাধারণ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অপরদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি তাবলীগুল কোরআন দাখিল মাদরাসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চক্ষু রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান, দৃষ্টিশক্তি পরীক্ষার মাধ্যমে চশমার ব্যবস্থাপত্র, চোখ দিয়ে পানি পড়া ও নেত্রনালির সমস্যা, চোখের মাংস বৃদ্ধি এবং চোখের প্রেসার মাপাসহ বিভিন্ন ধরনের চক্ষুসেবা প্রদান করা হয়।
এ ছাড়া ছানি রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য রোগীদের ক্যাম্পের ক্যাম্প শেষে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিজস্ব পরিবহনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে চক্ষু শিবিরে নির্ধারিত মূল্যে ওষুধ এবং স্বল্পমূল্যে চশমা পাওয়ার ব্যবস্থাও ছিল।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাবলীগুল কোরআন জামিয়াতের প্রচার সম্পাদক মুফতি মাওলানা রেদওয়ানুল হক এনাম। ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী, বরিশাল।
বরিশাল-ঢাকা মহাসড়কে গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগের অভিযোগে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এতে ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন আসামিরা—এমন অভিযোগ করা হয়েছে। এ সময় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানো এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।
এ ছাড়া আসামি করা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা সুজন আহমেদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেনকে।
এদিকে, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে ২০ নভেম্বর রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
নিজস্ব প্রতিনিধি, বরিশাল। | 20 November 2026, 10:43 pm
দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উদযাপন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বরিশাল নগরীর শিশু পার্ক সংলগ্ন বরফকল এলাকায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর আয়োজনে এবং সোস্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তাঁর পরিকল্পনা রয়েছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরাও যেন শিক্ষা, ভালোবাসা ও সমান সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। তাই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
অনুষ্ঠানে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এ সময় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপনের পাশাপাশি তাদের মধ্যে খাবার, উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আনন্দঘন এ আয়োজন শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ বাসভবনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে বাসভবনের নিচতলার একটি কক্ষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০/৫০ জন যুবক কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়ার আলহাজ নাসির উদ্দিন সড়কে এসে জিয়াউল আহসানের বাস ভবন তহুরা মঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা একটি ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন দেওয়া বাস ভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর ভবনটিতে থাকেন না বিপ্লব। এ ছাড়া তহুরা মঞ্জিলের অন্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু জিয়াউল হক। তিনিও বরিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের বগুড়া ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি।