, ঝালকাঠি প্রতিনিধি
| ১৮ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ঝালকাঠিতে ব্যতিক্রমী এক ‘মেহেদী উৎসব’ আয়োজন করেছে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। বুধবার (১৮ মার্চ) ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নের আবাসন এলাকায় এই উৎসবমুখর কর্মসূচি সম্পন্ন হয়।
আবাসন এলাকার একটি দুর্গম স্থানে আয়োজিত এই উৎসবে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর দুই হাত মেহেদির আলপনায় রাঙিয়ে দেন সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। ঈদের আগে নতুন মেহেদির সাজে সজ্জিত হতে পেরে শিশুদের মাঝে এক অনাবিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দোলন আক্তার এবং সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া। শিশুদের হাত রাঙাতে বিশেষ ভূমিকা পালন করেন ইয়াসের সদস্য বিথী শর্মা বণিক, চম্পা খানম, অযুফা আক্তার, তানজি, মৌলি, মোহনা, নাফিয়া ইসলাম, সোনালি, তামান্না, হাফসা, যুথি, সিমান্ত, মোহেবুল্লাহ, তালহা, মেহেদী আকাশ, সাকিব, জুরাত ও লাবিবসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
আয়োজন সম্পর্কে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন বলেন:
“শিশুদের মানসিক বিকাশ ও ঈদের খুশিকে দ্বিগুণ করতে আমরা প্রতিবছরই এই মেহেদী উৎসবের আয়োজন করি। সুবিধাবঞ্চিত এই শিশুরা যেন ঈদের আনন্দে নিজেদের একা মনে না করে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই ইয়াস সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পুরো আয়োজনটি ইয়াসের সভাপতি আবির হোসেন রানা ও সহ-সভাপতি শাকিল হাওলাদার রনির সার্বিক তত্ত্বাবধানে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, ‘তরুণদের হাতে গড়ব দেশ, আমার সোনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে গত ছয় বছর ধরে ঝালকাঠিতে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।