রাজধানীর বিজয়নগরে নৃশংস হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ১০০ দিন পূর্ণ হলেও বিচার কাজ শুরু না হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘ঝালকাঠি ইনসাফ মঞ্চ’। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ১০০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। অন্তর্বর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বক্তারা প্রশ্ন তোলেন, নতুন সরকার গঠনের পরও কেন এখনও এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও মূল হোতাদের পরিচয় অজানা রয়ে গেছে।
ঝালকাঠি ইনসাফ মঞ্চের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ তার বক্তব্যে বলেন:
“আমরা শহীদ হাদির হত্যার বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি। দেশে যে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। প্রকৃত ইনসাফ বা ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”