বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী ও লঞ্চঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী থাই সোহেল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আজ বিকেলে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর স্কুলের পূর্ব পাশে টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাউন্সিলর সাগরকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর ঝালকাঠি পৌরসভার জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, আহত ব্যবসায়ী থাই সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ঝালকাঠি শহর ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।