ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় ড্রোনসহ বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রের ব্যবহার করা হয়েছে। ইরানের হামলায় তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। রোববার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইরানের হামলার পরপর ইসরায়েলি ভূখণ্ডের ভেতর ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি হামলায় সাত বছর বয়সী একটি মেয়ে গুরুতর আহত হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে।
বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
এ হামলা পর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন বাইডেন। ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো পাল্টা আক্রমণকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তার বরাতে এই তথ্য সামনে নিয়ে এসেছে অ্যাক্সিওস।
ইসরায়েলে হামলায় যেসব ভয়ংকর অস্ত্র ব্যবহার করল ইরান
মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের ওপর ইসরায়েল পাল্টা হামলা চালালে একটি আঞ্চলিক যুদ্ধ বেঁধে যেতে পারে। এই যুদ্ধের পরিণত ভয়াবহ হতে পারে। এসব বিষয় নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বাইডেন ও তার সিনিয়র উপদেষ্টারা।
ব্যবহৃত অস্ত্র : ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে। তবে ইরানের এই সমন্বিত আক্রমণে একটি ইসরায়েলি সামরিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে।
ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম করপোরেশন জানিয়েছে, শনিবারের হামলায় ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬০টি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে।
ইরানের মিশন : জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন বলেছে, সিরিয়ার দামেস্কে ইরানি কূটনৈতিক প্রাঙ্গণের ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিষয়টি এখানেই শেষ বলে ধরা যেতে পারে। তবে ইসরায়েলি শাসক গোষ্ঠী যদি আরেকটি ভুল করে তাহলে ইরানের জবাব আরও যথেষ্ট গুরুতর হবে। এটি ইরান ও দুর্বৃত্ত ইসরায়েলি সরকারের মধ্যে সংঘাত। এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে হবে
নেতানিয়াহুর প্রতিক্রিয়া : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে সাম্প্রতিক কয়েক সপ্তহে ইরানের সরাসরি আক্রমণের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে ইসরায়েল। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত— সেটা হতে পারে প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক।
তিনি বলেন, আমরা ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য অনেক দেশের সমর্থনের প্রশংসা করি। আমরা একটি স্পষ্ট নীতি নির্ধারণ করেছি : যারা আমাদের ক্ষতি করবে, আমরা তাদের ক্ষতি করব। আমরা যেকোনো হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করব।
বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
জো বাইডেন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার হালনাগাদ তথ্যের জন্য আমি আমার জাতীয় নিরাপত্তা দলের সাথে দেখা করেছি। ইরান ও এর প্রক্সিদের হুমকি মোকাবিলা ও ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি ইস্পাত-দৃঢ়।
আন্তোনিও গুতেরেস : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আমি ইসরায়েলের ওপর ইরানের বড় ধরনের আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমি এই ধরনের শত্রুতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই।
তিনি বলেন, আমি পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে এমন একটি ধ্বংসাত্মক উত্তেজনার সত্যিকারের বিপদ সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যে একাধিক ফ্রন্টে বড় সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন কোনো পদক্ষেপ এড়াতে আমি সবাইকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাই।
ঋষি সুনাক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আমি ইসরায়েলে ইরানের বেপরোয়া আক্রমণের কড়া ভাষায় নিন্দা জানাই। এই হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করে। ইরান আবারও প্রমাণ করল যে নিজের উঠোনে অশান্তির বীজ রোপনের ইচ্ছা রয়েছে তাদের।
তিনি বলেন, ইসরায়েল এবং জর্ডান ও ইরাকসহ আমাদের সব আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা জন্য যুক্তরাজ্য তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে। আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং উত্তেজনা রোধে জরুরি ভিত্তিতে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না।
জোসেপ বোরেল : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অগ্রহণযোগ্য হামলার তীব্র নিন্দা জানায় ইইউ। এটি নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
ইসরায়েলের ক্ষয়ক্ষতি
আইডিএফ জানায়, শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইরানের সংখ্যাগরিষ্ঠ হামলা প্রতিহত করেছে তারা। ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করার আগেই এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অ্যারো ব্যবহার করে তারা হামলা প্রতিহত করেছে বলেও দাবি করে ইসরায়েলের এই বাহিনী।
তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে আইডিএফ। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে দাবি করে এই বাহিনী।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর জেনেছেন তারা। তিনি বলেন, ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পরে একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন ঘাঁটিতে কী ধরনের ক্ষতি হয়েছে, তা জানানো হয়নি।
হামলায় কে আহত হয়েছেন, তা নিয়ে হাগারি বিস্তারিত কিছু জানাননি। তবে এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয়, প্যারামেডিক সাত বছরের এক মেয়েকে চিকিৎসা দিয়েছে। আরাদ অঞ্চলে বেদুইন অধ্যুষিত এলাকায় গোলার আঘাতে মেয়েটি আহত হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে অপারেশন ট্রু প্রোমিজ নামে সামরিক অভিযান শুরু করে ইরান। এ প্রতিক্রিয়া সীমিত ও নির্ধারিত হবে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান কী করতে সক্ষম তার সামান্য চিত্র দেখাল মাত্র। এটা এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি।
এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 28 November 2026, 12:44 am
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়মুক্তির অবসান ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশালে প্রচারাভিযান, র্যালি, মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় বরিশালের বেলস পার্ক মাঠে ‘আমার কণ্ঠ, আমার অধিকার’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) বাস্তবায়িত ‘স্বাধীনতা: ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (FREEDOM)’ প্রকল্পের আওতায় এ প্রচারাভিযানের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বরিশাল বিভাগের ছয়টি জেলার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষসহ শতাধিক ব্যক্তি এতে অংশ নেন। সভা, র্যালি ও মানববন্ধনের পাশাপাশি স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন সচেতনতামূলক ও বার্তাবাহী প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে ‘নিরাপদ ডিজিটাল স্পেস চাই’, ‘ভুল তথ্য না ছড়াই’ এবং ‘তথ্য যাচাই করে শেয়ার করি’—এমন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, গুজব ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে তরুণ সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা একটি সচেতন, দায়িত্বশীল, নিরাপদ ও অধিকারভিত্তিক ডিজিটাল সমাজ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা প্রদান, প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
কেমন ডিজিটাল স্পেস চান সে বিষয়ে লিখছেন একজন নারী
এদিকে, স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্বাক্ষর সংগ্রহের ব্যানারে নিজেদের অভিমত, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন তারা। কেমন ডিজিটাল স্পেস প্রত্যাশা করেন এবং অনলাইন জগতে কী ধরনের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হওয়া প্রয়োজন, সে বিষয়েও সাধারণ মানুষ নিজেদের মতামত প্রকাশ করেন। অনেকে স্বাক্ষরের মাধ্যমে এ প্রচারাভিযানের দাবির প্রতি সমর্থন জানান।
মানববন্ধন পরবর্তী র্যালি
মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে এসব দাবির প্রতি জনসমর্থন তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবাধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আয়োজকরা জানান, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্ক শক্তিশালী করাই এ প্রচারাভিযানের মূল উদ্দেশ্য।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখা। ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন ছাত্রদল, পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ও কৃষিবিদ ড. রাহাত মাহমুদ এবং সংগঠনটির সদস্য ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকদের মেধা, যোগ্যতা, নিষ্ঠা ও গবেষণার মধ্য দিয়েই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। নবনিযুক্ত শিক্ষকেরা তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান, নবনিযুক্ত সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার ও ড. রাহাত মাহমুদ এবং প্রভাষক ডা. মো: মহিবুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল, পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিদ।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চার শিক্ষককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে তাঁদের কার্যকর অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখার উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার কার্যক্রম দুটি পর্বে সম্পন্ন হয়।
২৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সমন্বয়ক মো. ফজলে রাব্বি এবং সাবেক পটুয়াখালী কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান জনি। এ ছাড়া কর্মশালায় পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রথম পর্বে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “প্রতিশ্রুতি দেওয়া সহজ হলেও তার যথাযথ বাস্তবায়ন চ্যালেঞ্জিং। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি রয়েছে। এ ছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা দক্ষিণাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালার দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, ড. রাহাত মাহমুদ, ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমান পবিপ্রবির সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত প্রভাষকদেরও সংবর্ধনা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনির সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সারা দেশের ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বেতন নতুন পে-স্কেল অনুযায়ী দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটরদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর সুবিধাদি প্রদানে সম্মত হয়েছে। তবে এ ব্যাপারে বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অবশ্যই জাতীয় বেতন স্কেল, ২০২৬ সংক্রান্ত অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখের এস. আর. ও. নং- ৩৪৭-আইন/২০২৬ যথাযথভাবে অনুসরণ করতে হবে।’
এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত) এর বিধি ৮ অনুযায়ী ১ জুলাই, ২০২৬ হতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের বেতন জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’-এ উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ হলো নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো।
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজু, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন, জামায়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, মাওলানা মোহাম্মদ এরশাদ হোসাইন, রহমতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. দেলোয়ার হোসাইন।
এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. রুহুল আমিন (আল-আমিন) ও সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন ও সাধারণ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অপরদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি তাবলীগুল কোরআন দাখিল মাদরাসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চক্ষু রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান, দৃষ্টিশক্তি পরীক্ষার মাধ্যমে চশমার ব্যবস্থাপত্র, চোখ দিয়ে পানি পড়া ও নেত্রনালির সমস্যা, চোখের মাংস বৃদ্ধি এবং চোখের প্রেসার মাপাসহ বিভিন্ন ধরনের চক্ষুসেবা প্রদান করা হয়।
এ ছাড়া ছানি রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য রোগীদের ক্যাম্পের ক্যাম্প শেষে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিজস্ব পরিবহনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে চক্ষু শিবিরে নির্ধারিত মূল্যে ওষুধ এবং স্বল্পমূল্যে চশমা পাওয়ার ব্যবস্থাও ছিল।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাবলীগুল কোরআন জামিয়াতের প্রচার সম্পাদক মুফতি মাওলানা রেদওয়ানুল হক এনাম। ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী, বরিশাল।
বরিশাল-ঢাকা মহাসড়কে গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগের অভিযোগে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এতে ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন আসামিরা—এমন অভিযোগ করা হয়েছে। এ সময় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানো এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।
এ ছাড়া আসামি করা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা সুজন আহমেদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেনকে।
এদিকে, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে ২০ নভেম্বর রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
নিজস্ব প্রতিনিধি, বরিশাল। | 20 November 2026, 10:43 pm
দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উদযাপন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বরিশাল নগরীর শিশু পার্ক সংলগ্ন বরফকল এলাকায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর আয়োজনে এবং সোস্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তাঁর পরিকল্পনা রয়েছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরাও যেন শিক্ষা, ভালোবাসা ও সমান সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। তাই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
অনুষ্ঠানে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এ সময় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপনের পাশাপাশি তাদের মধ্যে খাবার, উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আনন্দঘন এ আয়োজন শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ বাসভবনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে বাসভবনের নিচতলার একটি কক্ষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০/৫০ জন যুবক কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়ার আলহাজ নাসির উদ্দিন সড়কে এসে জিয়াউল আহসানের বাস ভবন তহুরা মঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা একটি ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন দেওয়া বাস ভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর ভবনটিতে থাকেন না বিপ্লব। এ ছাড়া তহুরা মঞ্জিলের অন্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু জিয়াউল হক। তিনিও বরিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের বগুড়া ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি।