ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর কিশোর আলিফ চৌধুরীর (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল আলিফ। গত শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সাথে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে সে। সাতার না জানায় এক পর্যায়ে স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় আলিফ।
আলিফ ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। টানা দুইদিন তল্লাশির পর সোমবার দুপুরে যেখানে সে ডুবে গিয়েছিল, ঠিক সেই স্থানের পাশেই মরদেহটি ফুলে ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
”নিখোঁজের তিনদিন পর কিশোরের দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বর্তমানে তার নানাবাড়ির আঙিনায় রাখা হয়েছে।”
— ইমতিয়াজ আহমেদ, ওসি, ঝালকাঠি সদর থানা।

নিহত কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।