আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত বেকম্যান’স ফোর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ এ বাংলা ভাষায় তাৎক্ষণিক বক্তৃতা (ইম্প্রম্পটু স্পিচ) বিভাগে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী শাহরিয়ার রিফাত। তিনি কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (১০ অক্টোবর) ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ের ওপর স্বল্প সময়ের প্রস্তুতিতে সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়। এ ক্ষেত্রে ভাষার শুদ্ধতা, চিন্তার গভীরতা, যুক্তি উপস্থাপন ও বাচনভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিক্রিয়ায় শাহরিয়ার রিফাত বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই অর্জন আমার পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা। এই অভিজ্ঞতা আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমি আমার পরিবারের সবার প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
বিএম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী বলেন, শাহরিয়ারের এই অর্জন তাঁদের জন্য আনন্দের। প্রথম বর্ষ থেকেই কলেজের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে তার অংশগ্রহণ ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাতেও সে আগে ভালো ফলাফল অর্জন করেছে।
বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, শিক্ষার্থীদের এমন সৃজনশীল কাজে ও অর্জনে আমরা অত্যান্ত আনন্দিত। এমন সৃজনশীল কাজে কলেজ প্রশাসন সব সময়ে শিক্ষার্থীদের পাশে থাকবে। তার জন্য শুভ কামনা।
শাহরিয়ার রিফাত এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। বেকম্যান’স আয়োজিত ২০২৪ সালের তৃতীয় আসরেও তিনি বিজয়ী হন। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২০২৩ সালে বিতর্ক ও ইংরেজি এক্সটেম্পোর স্পিচ বিভাগে অংশ নিয়ে চারবার জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেন।
ভাষা, যোগাযোগদক্ষতা ও মেধা বিকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
|
১০ অক্টোবর, ২০২৬









