ইনজুরি টাইম শেষ হওয়ার আর এক মিনিটও বাকি নেই। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ৯৬তম মিনিটের গোল। তাতে ২-১ গোলে এগিয়ে গেল ব্রাজিল।
প্রথমার্ধে গোল খাওয়া ব্রাজিল ঘুরে দাঁড়ানোর আশায় দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে। দলে পরিবর্তন এনেছে তারা। পাকেতার বদলে এন্দ্রিককে মাঠে নামানো হয়েছে। বিরতির পর ব্রাজিল ছন্দে ফেরে। দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর ৫৬ মিনিটে কাসেমিরো গোল শোধ দেন।
এর আগে হাইড্রেশন ব্রেকের পরপর জাপান ব্রাজিলকে গোল দেয়। মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পান সানো। তিনি কাসেমিরোকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। বক্সের বাইরে থেকে নেওয়া শটটি নিখুঁতভাবে পোস্টের নিচের বাম কোণ দিয়ে ভেতরে ঢুকে যায়। ২৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় জাপান।
অথচ হাইড্রেশন ব্রেকের আগে ব্রাজিল বেশ আধিপত্য বিস্তার করে খেলেছে। তারা পানি পানের বিরতির আগে প্রায় ৭৫ শতাংশ বল দখলে রেখে চারটি শট নিলেও গোল পায়নি। জাপানের ওপর আধিপত্য বিস্তার করে খেললেও স্কোরে কোনো ব্যবধান তৈরি করতে পারেনি।
৩ মিনিটে ব্রাজিল আক্রমণের সুযোগ পায়। বক্সের প্রান্ত থেকে গিমারায়েসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে যায়। পাঁচ মিনিটে ওপর দিয়ে বল বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের সামনে বল পড়ার আগেই জাপানি গোলকিপার সুজুকি সামনে এগিয়ে এসে দুই হাত দিয়ে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন। সম্ভবত এটি ম্যাচের শুরুর দিকের স্নায়ুচাপের লক্ষণ, কারণ তিনি চাইলেই সেখানে বলটি সহজেই ধরে ফেলতে পারতেন।
জাপান তেমন কিছুই করে উঠতে পারেনি শুরুর দিকে। তারা নিজেদের অর্ধেকের মধ্য থেকে বের হতেই হিমশিম খাচ্ছিল। ব্রাজিল একটি সুযোগের খোঁজে বল পাস করে খেলছে, তবে জাপানের রক্ষণভাগ বেশ সুসংগঠিত দেখাচ্ছে।
১০ মিনিটে দানিলো বাইলাইনে পৌঁছে বক্সের ভেতর বল বাড়ান। বলটি একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়ের পায়ে পড়ে, যিনি সজোরে শট মেরে বসেন তারই সতীর্থের মুখে। চার মিনিট পর কুনহা বক্সের বাইরে থেকে শট নেন। সুজুকি বল মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান। দ্রুত কর্নার নেয় ব্রাজিল। পাকেতার শট ডানপাশের পোস্টের বাইরে দিয়ে যায়।
১৬ মিনিটে বিপদজনক জায়গা থেকে ফ্রি কিক পায় জাপান। জুনিয়াকে ফাউল করেন কাসেমিরো। ডি বক্সের বাঁ পাশ থেকে কামাদার শট রক্ষণদেয়ালে লেগে মাঠের বাইরে যায়। ব্রাজিল সহজেই কর্নার কিক ফিরিয়ে দেয়।
প্রথম গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া ছিল ব্রাজিল। কিছুক্ষণ পর বাম পাশ থেকে পাকেতার ফ্রি কিকে মারকুইনহোসের হেড গোলবারের পাশ দিয়ে যায়। এরপর কিছুটা দূর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট সহজেই হাতে নেন সুজুকি। ৩৯ মিনিটে কুনহার দূর থেকে নেওয়া শটও লুফে নেন জাপান কিপার।
প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলকে আক্রমণে তটস্থ করে রেখেছিল জাপান। রিতসু দোয়ান ডানপ্রান্ত দিয়ে বেশ ভালোই ভোগান্তিতে ফেলেছেন তাদের। ৪৪ মিনিটে তিনি জুনিয়া ইতোকে খুঁজে নেন, যিনি বক্সের ভেতর একটি বিপজ্জনক বল বাড়ান। সেটি ক্লিয়ার করতে ব্রাজিলকে বেশ বেগ পেতে হয়।
এরপর বামপ্রান্ত থেকে হিরোকি ইতো ভেতরের দিকে একটি বাঁকানো ক্রস বাড়ান। তবে ব্রাজিল কোনোমতে সেটিও সামাল দিয়ে নেয়। এটি জাপানের জন্য বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার আরও একটি ভালো সময়।
দ্বিতীয়ার্ধে গোলশোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। সুযোগও তৈরি করে একাধিকবার। ৫০ মিনিটে একটি দূর থেকে বাড়ানো বল ধরে এন্দ্রিক তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার পাসটি ভুল জায়গায় চলে যায় এবং সুজুকি সামনে এগিয়ে এসে বলটি গ্লাভসবন্দি করেন।
৫২ মিনিটে দানিলোর বাড়ানো একটি ক্রস থেকে গিমারেস বল পেয়ে গোল লক্ষ্য করে জোরালো হেড করেন, তবে সুজুকি দারুণভাবে ডাইভ দিয়ে সেটি রুখে দেন। ৫৫ মিনিটে কাসেমিরো খুব কাছ থেকে হেড করার পর তোমিয়াসু গোললাইনের ওপর থেকে বলটি প্রতিহত করেন এবং এরপর গোলপোস্টের সামনে জটলার সৃষ্টি হলে তিনি আবারও বল ব্লক করেন। জাপান পাল্টা আক্রমণে উঠলেও তাদের ক্রসটি একটু বেশি জোরে হয়ে যায়, যার ফলে সবাই স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ পায়!
কিছুক্ষণ আগের সুযোগ মিস করার খেসারত চুকিয়ে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটি করেন কাসেমিরো! তার ৩ মিনিট পর ভিনিসিয়ুস বামপ্রান্ত থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ গতিতে তোমিয়াসুকে নাটমেগ করেন। বক্সের ভেতরে তিনি জাপানের আরেকজন খেলোয়াড়কে পুরোপুরি বোকা বানিয়ে ড্রিবল করে কাটিয়ে এগিয়ে যান এবং ডাইভ দেওয়া সুজুকিকে ফাঁকি দিয়ে শট নেন; কিন্তু বলটি পোস্টে লেগে ফিরে আসে এবং জাপানের রক্ষণভাগ বলটি ক্লিয়ার করে বিপদ মুক্ত করে।
৭৫ মিনিটে জাপানি কয়েকজন খেলোয়াড়কে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে ফাঁকি দিয়ে বামপ্রান্তের উইংয়ে থাকা ভিনিসিয়ুসকে বল বাড়ান এন্দ্রিক। ভিনিসিয়ুস গতি বাড়িয়ে বক্সের ভেতর ঢুকে তার ডান পায়ে বল নেন, কিন্তু তার পাসটি ভুল জায়গায় চলে যায় এবং জাপানের রক্ষণভাগ বলটি ক্লিয়ার করে।
এর কিছুক্ষণ পরেই গ্যাব্রিয়েল ব্যাক পোস্টে আরও একটি ডিপ ক্রস বাড়ান। এবার রায়ান হেডের মাধ্যমে বলের নাগাল পেলেও সুজুকির গায়ে লেগে বলটি পোস্টের বাইরে চলে যায় এবং ব্রাজিল একটি কর্নার পায়।
তবে জাপানের দৃঢ় রক্ষণের কারণে কর্নার থেকে কোনো সুযোগ তৈরি হতে পারেনি এবং তারা ব্রাজিলকে পেছনে হটে যেতে বাধ্য করে।
শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
২
ঢাকা-বরিশাল মহাসড়ক: মহাসড়কে মৃত্যুর মিছিল! গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
৩
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও
৪
বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক
৫
পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬
৬
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি
৭
সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়
৮
ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান
৯
বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ
১০
বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি
১১
বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান: তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহণ
নিজস্ব প্রতিনিধি, বরিশাল। | 14 November 2026, 12:20 am
বরিশাল নগরীর সাগরদি ধান গবেষণা রোড এলাকায় আওয়ামীলীগ কর্মী শহিদুল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। গাঁজা ও ইয়াবা ব্যবসা, প্রভাব বিস্তার, এমনকি দিনদুপুরে মানুষের ঘরে চুরির অভিযোগও রয়েছে শহিদুলের ছেলে অন্তুর বিরুদ্ধে। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার মিলছে না।
স্থানীয়দের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহর নাম ও প্রভাব ব্যবহার করে শহিদুল ও তাঁর ছেলে অন্তু এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করতেন। গাঁজা ও ইয়াবার কারবারের মাধ্যমে তাঁরা এলাকায় প্রভাব বিস্তার করতেন বলেও দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে পুলিশ তাঁদের আটক করলেও অজ্ঞাত প্রভাবশালী মহলের তদবিরে তাঁরা ছাড়া পেয়ে যেতেন। ফলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
শুধু মাদক ব্যবসাই নয়, শহিদুলের ছেলে অন্তুর বিরুদ্ধে দিনদুপুরে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে চুরির অভিযোগও তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, এসব ঘটনায় সাধারণ মানুষ নিজেদের ঘরবাড়ি ও সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ছাড়া শহিদুলের স্ত্রী রনির বিরুদ্ধেও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও এলাকায় তাঁদের প্রভাব কমেনি।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে যদি কেউ আইনের আওতার বাইরে থেকে থাকেন, তাহলে বর্তমান পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? অতীতে তাঁদের আটকের ঘটনা, মামলা এবং পরবর্তী সময়ে মুক্তির বিষয়গুলোও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর আশঙ্কা, মাদক কারবার ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এলাকার সামাজিক পরিবেশ আরও অবনতির দিকে যেতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
স্থানীয়দের দাবি, সাগরদি ধান গবেষণা রোডে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, শহিদুল, তাঁর ছেলে অন্তু ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুরোনো বন্ধু, চেনা আঙিনা আর ফেলে আসা সোনালি দিনের স্মৃতিতে মুখর হয়ে উঠেছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব ঘিরে শুক্রবার (১৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাবেক ছাত্রীদের পদচারণায় নতুন করে প্রাণ ফিরে পায় শত বছরের এই বিদ্যাপীঠ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গোলাপি ও সাদা শাড়িতে সজ্জিত কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ঢাকঢোল, ব্যান্ডের বাদ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শতবর্ষ উদযাপনে তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের অনেকেই বিদেশ থেকে দেশে ফিরে এই আয়োজনে অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পরিচিত ক্যাম্পাসের দেখা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
শুক্রবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার নারীশিক্ষার প্রসারে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীশিক্ষার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সময়ে মেয়েদের বিনা বেতনে এসএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছিল। এ সুযোগ ধীরে ধীরে আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকারপ্রধানকে অনুরোধ করবেন, যাতে স্নাতক (বিএ) পাস পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক বেশি স্মার্ট। তাঁর বক্তব্যে নারীশিক্ষার অগ্রগতি ও রাজনীতিসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।
স্পিকার বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীন বাংলার প্রথম আঞ্চলিক সচিবালয় ছিল এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিষ্ঠানটির প্রতি সবার আলাদা আবেগ ও শ্রদ্ধা রয়েছে। এ সময় তিনি বিদ্যালয়ের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথাও তুলে ধরেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, শতবর্ষের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও আবেগঘন করে তোলে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত।
শনিবার (১৪ নভেম্বর) উৎসবের দ্বিতীয় দিনে থাকছে মিউজিক্যাল পিলো পাসিং, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়, স্মৃতিচারণমূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস দক্ষিণাঞ্চলে নারীশিক্ষার অগ্রযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। ১৮৭৩ সালে শিক্ষানুরাগী শরৎচন্দ্র গুহসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রাথমিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ লাভ করে। ১৯৬১ সালের ১২ এপ্রিল বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য নারীকে শিক্ষিত করে গড়ে তুলেছে, যাঁরা দেশ-বিদেশে শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বর্তমানে বিদ্যালয়টিতে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা বাড়াতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণের কাজও চলমান রয়েছে।
শতবর্ষের এই আয়োজন তাই কেবল পুনর্মিলনীর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নারীশিক্ষার দীর্ঘ ইতিহাস, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে স্মরণ করারও উপলক্ষ। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনেও বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নারীশিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফিরে এসে পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিয়েছেন হাজারো সাবেক ছাত্রী। সময়ের ব্যবধান, বয়সের পার্থক্য কিংবা ভৌগোলিক দূরত্ব সবকিছু ছাপিয়ে তাঁদের একটাই পরিচয়, তাঁরা এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আর সেই ভালোবাসা ও আবেগেই শতবর্ষে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। এ ঘটনার পর মহাসড়কে প্রায় একঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিলেন এক নারী। সঙ্গে ছিল সাত বছরের শিশু সন্তান। ক্যাম্পাসে ঘুরতে আসার পর থেকেই হঠাৎ নিখোঁজ মা ও ছেলে। স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই, মিলছে না কোনো সন্ধানও। তাঁদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।ঈ
নিখোঁজ ওই নারীর নাম সাবিকুন্নাহার লিজা (২৭)। তাঁর ছেলে লাবিবের বয়স সাত বছর। লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে আসেন লিজা। এরপর থেকে মা ও ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রথমে স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তাঁরা এখনো লিজা ও তাঁর ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করে।
এদিকে মা ও শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তাঁদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে এবার সংঘর্ষে জড়ালেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রাক্তন শিক্ষার্থীদের দুই পক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠক উত্তপ্ত হয়ে একপর্যায়ে রূপ নেয় হাতাহাতি ও ভাঙচুরে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কনফারেন্স রুমের আসবাবপত্রও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্রসমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তী সময়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বকে কেন্দ্র করে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপন সামনে রেখে দুই পক্ষের মধ্যে বিরোধ নতুন করে দানা বাঁধে। অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের জেরে বৃহস্পতিবার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বৈঠকে বসে দুই পক্ষ। কিন্তু আলোচনায় কোনো সমাধান না আসায় একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কনফারেন্স রুমে ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রাক্তন ছাত্রনেতা ডা. ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে হাতাহাতি কিংবা মারামারির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, প্রাক্তন ছাত্রদের একটি কমিটি রয়েছে, যা একই দলের অন্য একটি অংশ মানতে চায় না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তার চাকরির অবসান ঘটিয়েছে সরকার। একই সঙ্গে আরেক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। অসদাচরণ, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়া এবং দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ এবং মো. আরিফুজ্জামান। অন্যদিকে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রলয় কুমার জোয়ারদার পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ১৫ আগস্টের মধ্যে সব পুলিশ ও নন-পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি ফেরেননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে কর্মস্থলে ফেরানো সম্ভব হয়নি। এ কারণে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম ছুটি শেষে ২০২৫ সালের ২৩ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও অনুপস্থিত থাকেন। তাঁকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হলেও কোনো লিখিত জবাব দেননি। বিভাগীয় প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধেও বরখাস্তের আদেশ জারি করা হয়।
একইভাবে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটিতে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি। ১৮ সেপ্টেম্বর তাঁর যোগ দেওয়ার কথা ছিল। সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থায়ী ঠিকানায় একাধিক নোটিশ পাঠিয়েও সাড়া না পাওয়ায় বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁকে বরখাস্ত করা হয়।
সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামানের বিরুদ্ধেও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ২৯ জানুয়ারি দাপ্তরিক কাজ শেষে তিনি কর্মস্থলে অনুপস্থিত হন। পরদিন হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব বুঝে নিতে বলেন। পরে তাঁকে অসুস্থ হিসেবে দেখানোর নির্দেশও দেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় বিভাগীয় মামলার পর তাঁকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৩ আগস্ট অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে তিনি দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযান চালান। এ সময় ছুটিতে থাকা দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে লুৎফর রহমানের বাড়িতে যান। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁদের একটি বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনে টাকা দাবি করা হয় বলে বিভাগীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাঁকে সহযোগীদেরসহ আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাঠালেও প্রয়োজনীয় কাগজপত্রে অসংগতি পাওয়া যায়। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি। পরে বিভাগীয় মামলার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বরখাস্ত করা হয়।
এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অনুপস্থিতি এবং বিভাগীয় মামলায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী সংবাদ বরিশাল পত্রিকা
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 12 November 2026, 11:55 pm
দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল।
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ১১ ও ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী বরিশালের নথুল্লাবাদ এলাকার শের-ই-বাংলা সড়কে এ কর্মসূচি পরিচালিত হয়।
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রারের হাতে ডেংগু সচেতনতামূলক লিফলেট ও স্টিকার তুলে দিচ্ছেন আয়োজকরা
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশার প্রজননস্থল, মশার কামড় থেকে বাঁচার উপায় এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সহ-সভাপতি আলী হাসনাইন, সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভ, ছাত্রদল নেতা সায়েম শান্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এ সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ডেংগু সচেতনতা স্টিকার হাতে শিক্ষার্থীরা
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার—এই বার্তা নিয়েই দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
শিক্ষা, স্বেচ্ছাসেবা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নিজেকে একজন সচেতন, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান সাকিবুল ইসলাম রাইহান। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের মানুষের জন্য ইতিবাচক কিছু করা এবং একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখাই তাঁর জীবনচিন্তার অন্যতম লক্ষ্য।
শিক্ষাজীবন ও জ্ঞানচর্চা
সাকিবুল ইসলাম রাইহানের শিক্ষাজীবনের সূচনা মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। তিনি মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল (এমএ) সম্পন্ন করেছেন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স শেষ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল) প্রোগ্রামের তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন।
তাঁর কাছে শিক্ষা কেবল সনদ কিংবা ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের চিন্তাভাবনা, মূল্যবোধ, মননশীলতা ও দায়িত্ববোধ বিকাশের অন্যতম প্রধান উপায়। ধর্মীয় জ্ঞান, ব্যবস্থাপনা শিক্ষা এবং উচ্চতর একাডেমিক চর্চার সমন্বয়ে নিজেকে একজন সচেতন, যুক্তিবাদী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।
স্বেচ্ছাসেবী জীবন ও মানবিক কর্মকাণ্ড
সাকিবুল ইসলাম রাইহানের জীবনের অন্যতম ভালো লাগার জায়গা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগ। তিনি বিশ্বাস করেন, মানুষের জন্য কাজ করার মানসিকতা কোনো পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা থেকে গড়ে ওঠা একটি জীবনদর্শন।
শিক্ষার্থী ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার বিষয়গুলো তাঁকে অনুপ্রাণিত করে।
বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি, সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং নাগরিকদের সেবাপ্রাপ্তির পথ সহজ করার বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
তাঁর মতে, মানবিক কাজ মানেই শুধু আর্থিক সহযোগিতা নয়। কখনো একজন অসহায় মানুষকে সঠিক পরামর্শ দেওয়া, প্রয়োজনের মুহূর্তে কারও পাশে দাঁড়ানো, একজন শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে উৎসাহিত করা কিংবা কাউকে প্রয়োজনীয় সেবা পেতে সহযোগিতা করাও গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ।
স্বেচ্ছাসেবী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তিনি কোনো পদক, সম্মাননা কিংবা পরিচিতিকে বিবেচনা করেন না। বরং নিজের সামান্য প্রচেষ্টায় কোনো মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোই তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন।
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি ভালোবাসা
পড়াশোনা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, সংগীত এবং সৃজনশীল কাজের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তিনি মনে করেন, একটি জাতির সামগ্রিক বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাহিত্য মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়, সংস্কৃতি মানুষের মননকে সমৃদ্ধ করে এবং সংগীত মানুষের অনুভূতি ও সৌন্দর্যবোধকে বিকশিত করে। এ বিশ্বাস থেকেই সাহিত্য পাঠ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন তিনি।
তাঁর দৃষ্টিতে, শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন মানুষের সাংস্কৃতিক বোধ, মানবিক সংবেদনশীলতা ও সৃজনশীল মনন থাকা প্রয়োজন। কারণ জ্ঞান মানুষকে দক্ষ করে, আর সংস্কৃতি তাকে পরিশীলিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
দেশের উন্নয়ন ও তরুণ সমাজ নিয়ে ভাবনা
বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে তরুণ সমাজকে বিবেচনা করেন সাকিবুল ইসলাম রাইহান। তবে তাঁর মতে, তরুণদের শুধু চাকরির পেছনে ছুটতে উৎসাহিত করলেই চলবে না। তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী, বাস্তবভিত্তিক ও মানবিক করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তাঁর মতে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীরা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারে এবং সেগুলোর সমাধানে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়, সে পরিবেশ তৈরি করা জরুরি।
তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষ মর্যাদা, সমান সুযোগ এবং প্রয়োজনীয় মৌলিক সেবা লাভ করবে।
ব্যক্তিগত দর্শন ও ভবিষ্যৎ প্রত্যয়
সাকিবুল ইসলাম রাইহানের বিশ্বাস, একজন মানুষের প্রকৃত পরিচয় কেবল শিক্ষাগত যোগ্যতা, পেশা কিংবা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের প্রতি আচরণ, দায়িত্ববোধ, মূল্যবোধ এবং সমাজের জন্য তাঁর অবদানই একজন মানুষের প্রকৃত পরিচয় নির্মাণ করে।
তিনি মনে করেন, একক প্রচেষ্টায় পুরো সমাজ পরিবর্তন করা সম্ভব না হলেও নিজের সামর্থ্য ও অবস্থান থেকে কয়েকজন মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আর সেই পরিবর্তনের মধ্যেই রয়েছে জীবনের অন্যতম বড় সার্থকতা।
ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি একটি মানবিক, বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চান সাকিবুল ইসলাম রাইহান। তাঁর কাছে জীবনের সার্থকতা কেবল নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যে নয়, বরং নিজের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে অন্যের জীবনেও সম্ভাবনার আলো ছড়িয়ে দেওয়ার মধ্যে।
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 11 November 2026, 10:58 pm
দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল।
বুধবার (১১ নভেম্বর) বরিশালের নথুল্লাবাদ এলাকার শের-ই-বাংলা সড়কে অবস্থিত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধান ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সহ-সভাপতি আলী হাসনাইন, সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভ, ছাত্রদল নেতা সায়েম শান্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা অপতৎপরতা যাতে ক্যাম্পাসে সংঘটিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাদের অন্যতম লক্ষ্য। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হোক, তা তারা চান না।
নেতাকর্মীরা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। এ লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে ৩০০টিরও বেশি ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ এবং পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় কলেজের প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন ও বনায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর তাছমীন সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের আহ্বায়ক প্রফেসর মো. মফিজুর রহমান। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে সবুজ বাংলা, ব্রজমোহন কলেজ শাখা।
রোপণ করা চারার মধ্যে ছিল আম, কাঁঠাল ও নারিকেলসহ বিভিন্ন ফলজ গাছ এবং সৌন্দর্যবর্ধক দেবদারু। এসব গাছের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি উপলক্ষে বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, পরিবেশ রক্ষা ও ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের দেশগুলো ক্রমেই সবুজায়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসকে সবুজ ও মনোরম করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন কর্মসূচি আয়োজনের জন্য পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।